শহীদ জোহা দিবস আজ

আজ ১৮ ফেব্রুয়ারি। উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ ড. জোহা দিবস। দেশের ‘প্রথম শহীদ বুদ্ধিজীবী খ্যাত’ ড. জোহার শাহাদতবার্ষিকীকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে সাধারণ ছুটি ছাড়াও নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন।
দিবসটি উপলক্ষে প্রতিবছর আয়োজিত ‘জোহা স্মারক বক্তৃতা’য় এবার স্মারক বক্তা থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান আন্দোলনের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন শিক্ষক ড. মুহম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এ দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি এবং সার্জেন্ট জহুরুল হক হত্যার প্রতিবাদে ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে পাকিস্তানি বাহিনী তাঁদের বাধা দেয়। এ সময় সেনারা শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে উদ্যত হলে প্রক্টর শামসুজ্জোহা তাদের গুলি না করতে বারবার অনুরোধ করেন। কিন্তু সেনারা সেই অনুরোধ উপেক্ষা করে গুলি চালাতে গেলে ড. জোহা নিজে এগিয়ে যান। তখন তাঁর ওপরই গুলি চালায় সেনারা। গুরুতর আহত অবস্থায় তাঁকে তৎকালীন মিউনিসিপ্যাল অফিসে একটা টেবিলের ওপর
ফেলে রাখা হয় বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চারটার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল রুমে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
আজ শিক্ষক দিবসে নানা কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন আবাসিক হল, পেশাজীবী সমিতি ও সংগঠন, রসায়ন বিভাগ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কার্যালয়ে হবে আলোচনা সভা।
এ ছাড়া সকাল ১০টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হবে জোহা স্মারক বক্তৃতা, বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত এবং বিকেল সাড়ে চারটায় শহীদ শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হবে।