শহীদ মিনারে ফুল দিতে আসা বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

বিজয় দিবসের সকালে বিএনপিদলীয় সাংসদের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসা নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

হামলা ও সংঘর্ষে আহত ব্যক্তিদের বুড়ইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও বুড়ইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে।

এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে নন্দীগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রকৃতি, পৌর ছাত্রদলের নেতা শাকিলসহ বিএনপির আরও অন্তত আটজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের কমপক্ষে আট নেতা-কর্মী আহত হয়েছেন বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাংসদ ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিজয়ের ৫০ বছরের এই ঐতিহাসিক দিনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। বিজয় দিবসের দিনে এ হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল চরিত্র প্রকাশ পেয়েছে। এটাই তাঁদের আসল চরিত্র।

পুলিশের ইন্ধনে এ হামলা হয়েছে দাবি করে সাংসদ মোশারফ হোসেন ওসিকে প্রত্যাহারের দাবি জানান। এদিকে হামলা ও দলীয় নেতা-কর্মীদের ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার প্রতিবাদে নন্দীগ্রাম ও কাহালু উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন সাংসদ।

হামলার সময় সময় বিএনপির নেতা-কর্মীদের প্রায় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাংসদসহ বিএনপি নেতা-কর্মীরা একটি হোটেলে বসে নাশতা করছিলেন। এ সময় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাসস্ট্যান্ড চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিতে এসে দলীয় স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ হোটেলের সামনে বিএনপির অবস্থান দেখে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীরাও স্লোগান দিতে শুরু করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে হোটেলের সামনে থাকা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেন।

বিএনপির নেতা-কর্মীরাও তখন ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে যুবদল নেতা নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীদের প্রায় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর থানা-পুলিশ সেখানে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেননি। সাংসদের নেতৃত্বে বিএনপিই পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।

আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখে উসকানিমূলকভাবে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। বিজয়ের দিনে আমরা কোনো সহিংসতায় জড়াতে চাইনি বলে চুপ করেছিলাম।’

পুলিশের বিরুদ্ধে সাংসদের আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশের ইন্ধনে বিএনপির ওপর হামলা হয়েছে, এমন অভিযোগ সঠিক নয়। শহীদ মিনারে ফুল দেওয়ার পর বাসস্ট্যান্ড চত্বরে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।