শাজাহানপুরে ট্রাক উল্টে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে ধানের তুষবাহী ট্রাক উল্টে চাপা পড়ে শাহাদত হোসেন নামের একজন চাতালশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের আড়িয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদত হোসেন (৩৫) ধুনট উপজেলার পূর্ব মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বলেন, ধানের তুষবাহী ট্রাকটি শেরপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। দূরপাল্লার একটি বাস এটিকে ওভারটেক করার চেষ্টা করে। একপর্যায়ে বাসের ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। ট্রাকের ডালায় বসে থাকা শ্রমিক শাহাদত মালামালের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ছাড়া ট্রাকে চাপা পড়ে একটি অটোরিকশা ও পান-সিগারেটের দোকান।

পরে হাইওয়ে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরেক শ্রমিক লুৎফর রহমান জানান, শেরপুর থেকে ট্রাকে করে বগুড়া শহরে যাচ্ছিলেন তাঁরা। ট্রাকের ডালায় বসেছিলেন সাতজন। আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে ট্রাকটি সজোরে ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা অটোরিকশা। ট্রাকের নিচে চাপা পড়ে শাহাদত ঘটনাস্থলেই মারা যান। অন্যরা কোনোরকমে বেঁচে যান।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কে এম বানিউল আনাম বলেন, ট্রাক জব্দ করা গেলেও চালক পালিয়েছেন।