শাজাহানপুরে মাদ্রাসার নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি মাদ্রাসায় জয়নাল আবেদীন (৮০) নামের অস্থায়ী নৈশপ্রহরীকে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোর রাতের কোনো এক সময়ে শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন সুজাবাদ গ্রামের বাসিন্দা এবং সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী আবুল কাশেমের বাবা। অসুস্থ ছেলের বদলে তিনি অস্থায়ী ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
সুজাবাদ দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী আবুল কাশেম মুঠোফোনে বলেন, কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ তিনি। এ কারণে কর্তৃপক্ষের মৌখিক অনুমতি সাপেক্ষে তাঁর বদলে মাদ্রাসায় রাত্রীকালীন নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন তাঁর বাবা।
আবুল কাশেম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ঝড়বৃষ্টি নামার কারণে রাতের খাবার খেয়ে বিকেল পাঁচটার দিকে বাবা মাদ্রাসায় রাত্রীকালীন নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য যান। রাতে তিনি একটি শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। রাতের কোনো এক সময়ে দুর্বত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকাল সাতটার দিকে মাদ্রাসার একটি কক্ষ থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ওই বৃদ্ধ ছেলের বদলে মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতে এসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে হত্যাকাণ্ডের কারণ এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।