রাজশাহী নগর
শান্তির নগরে ছিনতাই আতঙ্ক
চলতি মাসে এ পর্যন্ত ১৫টি ছিনতাই, ছিনতাইচেষ্টা ও চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮টিই রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়।
‘রাজশাহী শান্তির নগর? আসুন, রাজশাহী শান্তির নগর নাকি এক টুকরো নরক হয়ে উঠেছে তার প্রমাণ দিই।’ ৮ জানুয়ারি এম এম সুমন নামে বেসরকারি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাঁর ফেসবুক স্ট্যাটাসে এমনটা লিখেছিলেন। এরপর তিনি কীভাবে ছিনতাইকারীদের হামলার শিকার হন, তার বর্ণনা দেন।
ছিনতাইকারীদের হাতে সর্বস্ব খুইয়ে হাসপাতালে গিয়ে সুমন দেখেন তাঁর মতো আরও একজন ছিনতাইকারীর হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের সূত্র ধরে যোগাযোগ হয় সুমনের সঙ্গে। তিনি বলেন, তাঁর নানি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৭ জানুয়ারি রাত দেড়টার দিকে তিনি রিকশায় নগরের লক্ষ্মীপুর (শিক্ষা বোর্ডের সামনে) হয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে তিন কিশোর রিকশা থামিয়ে কিছু বলার আগেই পায়ে ছুরি চালিয়ে দেয়। এরপর কাছে থাকা ৩ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। তিনি হাসপাতালে গিয়ে দেখেন তাঁর নানি মারা গেছেন। এমন ঘটনার পর তাঁর মনে হয়, শান্তির শহর রাজশাহী যেন এক টুকরো নরকে পরিণত হয়েছে।
সুমন হাসপাতালে গিয়ে অপর যে ভুক্তভোগীকে পেয়েছিলেন, তাঁর নাম আবু সাঈদ (৩৪)। নগরের লক্ষ্মীপুর মোড়ে তাঁর একটি ওষুধের দোকান আছে। যোগাযোগ করা হলে সাঈদ বলেন, ৭ জানুয়ারি রাত ১টা ৪৭ মিনিটের দিকে একই সড়কে তাঁর ওপর হামলা হয়। ছিনতাইকারীরা রিকশা থামিয়ে ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে। পরে কাছে থাকা ৪ হাজার ৭০০ টাকা কেড়ে নেয়। সাঈদ বলেন, রাজশাহী নগর আগে এমন ছিল না।
পুলিশ বলছে, সব ছিনতাইয়ের ঘটনায় মামলা হয় না। এ জন্য খবর পাওয়া যায় না। আসামিও ধরা যায় না। এরপরও চলতি মাসে এ পর্যন্ত ১৫টি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮টিই রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়। ১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পুলিশ ১৫ জন ছিনতাইকারী ও ১৩ চোরকে আটক করেছে। উদ্ধার করেছে ছিনতাই হওয়া টাকা ও মালামাল।
রাজশাহী মহানগর পুলিশের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, তাঁদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারি বর্ণালির মোড়ে, ১৩ জানুয়ারি রাজপাড়া থানার সিপাইপাড়ায়, ১৭ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানার বিলসিমলা গ্রেটার রোড এলাকায় ও ১৮ জানুয়ারি ছিনতাইয়ের ঘটনা ঘটে শিরোইল বাস টার্মিনাল এলাকায়। সুমন ও আবু সাঈদের ছিনতাইয়ের ঘটনা গভীর রাতে হলেও এসব স্থানে ছিনতাই হয় দিনের বেলায়। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে মালামাল কেড়ে নেয়।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও উপর্যুপরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সবশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী। বুথ থেকে টাকা তুলে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন তিনি। ছিনতাইকারীরা ছিল মোটরসাইকেলে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা কম হয়। এ জন্য আগের রেকর্ডের সঙ্গে তুলনা করে বলা যায় না যে ছিনতাই বেড়েছে। যেগুলো তাদের নজরে এসেছে, সেগুলোর আসামি ধরা পড়েছে।