শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনায় মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। আজ শনিবার বিকেলে নগরের শিববাড়ি মোড়ে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠন ‘শাবিপ্রবির পাশে খুলনা’ ব্যানারে এই মানববন্ধন করে।
মানবন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘২৪টি তাজা প্রাণ বাঁচুক’, ’একটা চেয়ার কি শিক্ষর্থীদের প্রাণের চাইতে দামি’, ’বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলা কেন?’, ‘গণতান্ত্রিক ক্যাম্পাস চাই’, ‘শাবিপ্রবির ভিসির পদত্যাগ চাই’—এ রকম বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের খুলনা জেলার আহ্বায়ক আলামিন শেখের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষর্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যদের খামখেয়ালিপনার শিকার হচ্ছেন নিরীহ শিক্ষার্থী এমনকি শিক্ষকেরাও। কোনো অন্যায়ের প্রতিবাদ করলেই অন্যায্য আচরণের শিকার হতে হচ্ছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এসব চলতে পারে না।
মানববন্ধনে বক্তব্য দেন শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ছহুল আহমেদ, খুলনার শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সংগঠক নিয়াজ মুর্শিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহমেদ, খুলনা সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের লাঠিপেটা করা আর শিক্ষার্থীরা আওয়াজ তুললেই ক্যাম্পাস বন্ধ করে দেওয়া এখন যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের ভবিষ্যতের ভয়াবহ চিত্র দেখাচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, নিজের আত্মরক্ষার জন্য যে উপাচার্য সন্তানতুল্য শিক্ষার্থীদের ওপর হামলা করতে পারেন, ‘তিনি কোনো গ্রহণযোগ্য শিক্ষক হতে পারেন না। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আছি এবং আমরা সংহতি জানাচ্ছি।’