শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে চবি শিক্ষকের সংহতি
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ বিভাগে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তিনি উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
মাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাবিপ্রবিতে শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে অনশন করছেন। ইতিমধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষার্থীরা মার খেলে শিক্ষকদের ওপরই দায় আসে। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ যেভাবে শিক্ষার্থীদের পুলিশ দিয়ে পিটিয়েছেন, ছাত্রলীগ দিয়ে হামলা চালিয়েছেন, এটি ন্যক্কারজনক। এটা কোনো শিক্ষকের কাজ হতে পারে না। যখন তিনি এমন নিন্দনীয় কাজ করেছেন, তখনই তিনি উপাচার্য পদে থাকার এখতিয়ার হারিয়েছেন। তাই উপাচার্যকে পদত্যাগ করতে হবে।
এই শিক্ষক আরও বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করছি। যত দ্রুত সম্ভব, ফরিদ উদ্দিন আহমেদকে সরিয়ে শিক্ষার্থীবান্ধব কোনো শিক্ষককে উপাচার্যের দায়িত্ব দেওয়া হোক।’
শাবিপ্রবির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধন, প্রতীকী অনশন কর্মসূচি, মোমবাতি প্রজ্জ্বালন ও বিক্ষোভ মিছিল করেছেন। ১৭ জানুয়ারি থেকে গত রোববার পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়।
শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত হয় ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রীদের আন্দোলনে হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরদিন ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এর পর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।