শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা বলেছেন, ‘উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগ করতে হবে।’
সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষক ও অনুবাদক জি এইচ হাবীব, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সুবর্ণা মজুমদার এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক হাসান তৌফিক ইমাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রাজেশ্বর দাশগুপ্ত, গৌরচাঁদ ঠাকুর, মোহাম্মদ হাসান, সোহেল চাকমা প্রমুখ। আন্দোলনে সংহতি জানান স্থানীয় বাসিন্দা আবদুল হক।
কর্মসূচিতে বক্তারা বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে অনেক বিশ্ববিদ্যালয়ের নেতিবাচক দিক এখন সামনে আসছে। আন্দোলনরত শিক্ষার্থীদের আহ্বান করছি, আপনারা ওই স্বৈরাচারী উপাচার্যকে ছুড়ে ফেলার সব আয়োজন সম্পন্ন করুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশে থাকবে বলে মন্তব্য করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, আন্দোলনে অর্থায়নের দায়ে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ন্যক্কারজনক ঘটনা। শিক্ষার্থীদের দ্রুত মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণ করে সেখানে যোগ্য ও শিক্ষার্থীবান্ধব শিক্ষককে দায়িত্ব দিতে হবে। তিনি নির্লজ্জতা ও নিকৃষ্টতার সব উদাহরণ অতিক্রম করেছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ জানুয়ারি ওই আন্দোলনের সূত্রপাত হয়। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ। পরদিন ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এর পর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রথম ছয় দিনে দাবি পূরণ না হওয়ায় ১৯ জানুয়ারি বেলা তিনটা থেকে আমারণ অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। এরপর আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে শিক্ষার্থীদের অনশন ভাঙান অধ্যাপক জাফর ইকবাল।