শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে জয়পুরহাটে ছাত্রদলের প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে জয়পুরহাট জেলা ছাত্রদল প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। সরকারি রামদেও বাজলা উচ্চবিদ্যালয়ে মঙ্গলবার সকালে
প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও উপাচার্যের অপসারণের দাবিতে প্রতীকী অনশন করেছে জয়পুরহাট জেলা ছাত্রদল। আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের রামদেও বাজলা উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতীকী অনশন চলাকালে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক শামসুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্যসচিব পিয়াস আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ও সাধারণ শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা এ অনশন করছেন। শিক্ষার্থীদের এ দাবির প্রতি তাঁদের পূর্ণ সমর্থন আছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন। যত দিন পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবেন, তত দিন তাঁদেরও আন্দোলন-সংগ্রাম চলবে।