শাবিপ্রবির কর্মকর্তা সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের বড় জয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি’র নির্বাচনে ১১ পদের মধ্যে ৮টিতে বিএনপি-জামায়াতপন্থীরা নির্বাচিত হয়েছেন। বাকি তিনটি পদে জয় পেয়েছেন আওয়ামীপন্থীরা।
গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাবে ভোট গ্রহণ শুরু হয়। বেলা সাড়ে তিনটা পর্যন্ত ভোট চলে। পরে রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু ইউসুফ। নির্বাচনে ২৬৪ ভোটারের মধ্যে ২৫৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে আওয়ামীপন্থীরা ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’ ও বিএনপিপন্থী-জামায়াতপন্থীরা ‘ইউনুস-পারভেজ প্যানেলে’ নির্বাচনে অংশ নেন। ১১ পদের বিপরীতে দুই প্যানেলের মোট ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক পদে উপপরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমানকে (পারভেজ) বিজয়ী ঘোষণা করা হয়েছে। একই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের নির্বাহী প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক পদে রেজিস্ট্রার দপ্তরের জ্যেষ্ঠ সুপারভাইজার সাহেদ আহমদ। এ ছাড়া ওই প্যানেল থেকে আরও চারজন কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিত হয়েছেন।
অপর দিকে আওয়ামীপন্থী কর্মকর্তাদের প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক এবং কার্যনির্বাহী সদস্য পদে আরও দুজন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী ও ইংরেজি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।