শাবিপ্রবির ঘটনায় জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি থেকে শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবি জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার–সংলগ্ন সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসাইন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের খালিদ মাহমুদ।
মানববন্ধন চলাকালে ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আলী হোসাইন বলেন, শিক্ষার্থীদের লাঠিপেটা যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের ভবিষ্যতের ভয়াবহ চিত্র দেখাচ্ছে। আর শিক্ষার্থীরা আওয়াজ তুললেই ক্যাম্পাস বন্ধ করে দিতে হবে। সব বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একই রকম হয় কীভাবে, বুঝে আসে না।
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, একজন গার্মেন্টস ব্যবসায়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি যেভাবে গার্মেন্টসের শ্রমিকদের হুমকি-ধমকি, লাঠিপেটা করে নিয়ন্ত্রণে রাখতে চান, একইভাবে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করছেন। এমন প্রশাসক দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান চালানোর কোনো যোগ্যতা রাখেন না।