শাবিপ্রবির শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আখতারুল, সম্পাদক জহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি আখতারুল ইসলাম (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক জহির বিন আলম
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মো. আখতারুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলম।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অনিমেষ সরকার। এর আগে ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা দুটি প্যানেল থেকে মোট ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থি দুটি প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ও ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্রার্থীরা অংশ নিয়েছিলেন। তবে বিএনপিপন্থী শিক্ষকদের কোনো প্যানেল এ নির্বাচনে অংশ নেয়নি।

দুই প্যানেলের মধ্যে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ প্যানেলের প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় লাভ করেছেন। অন্য দুটি পদে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন, কোষাধ্যক্ষ পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফরহাদ হাওলাদার, যুগ্ম সম্পাদক পদে ইনস্টিটিউশন অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব।

সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল বাকী, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. সেকেন্দার আলী, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা নাজমুল হাসান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তাফা কামাল, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মো. মুন্না।