শামসুন্নাহার কাজের মাঝে বেঁচে থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের অনগ্রসর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করে গেছেন শামসুন্নাহার রহমান। কাজের মাঝে তিনি চিরদিন বেঁচে থাকবেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান স্মরণ ও স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের এম এম আলী রোডের রয়েল গার্ডেন মিলনায়তনে প্রথমবারের মতো ‘শামসুন্নাহার রহমান পরাণ স্মৃতি পদক’ দেওয়া হয়।

তিনটি বিভাগে এবার শামসুন্নাহার রহমান স্মৃতি পদক দেওয়া হয়েছে। শিক্ষা ও গবেষণায় পদক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ইতিহাসবিদ সুনীতি ভূষণ কানুনগো, সমাজসেবায় ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতির’ নির্বাহী পরিচালক বেগম রোকেয়া এবং তৃণমূলে সফল নারী হিসেবে পদক পেয়েছেন জান্নাত বেগম (অর্থনৈতিক স্বাবলম্বী) ও রুমি আক্তার (শিক্ষা)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে ও সমাজ প্রতিষ্ঠায় শামসুন্নাহারের অবদান আগামী প্রজন্মের পথচলার প্রেরণা হয়ে থাকবে। একদিকে বঞ্চিত মানুষের জন্য মাঠে-ময়দানে নেমে কাজ করেছেন, অন্যদিকে লেখালেখিতেও তিনি ছিলেন সমান অনবদ্য। তাঁর কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত।

স্মৃতি পদক প্রদান ছাড়াও অনুষ্ঠানে শামসুন্নাহার রহমানের বর্ণিল কর্ম ও জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ সুনীতি ভূষণ কানুনগো, সাবেক যুগ্ম সচিব জয়নাব বেগম, ঘাসফুলের চেয়ারম্যান গোলাম রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনজুর উল আমিন চৌধুরী, শামসুন্নাহার রহমানের কন্যা পারভিন মাহমুদ, নাতনি সাদিয়া রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান।