পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক হত্যাকাণ্ডের ছয় বছর পার হলেও মামলার বিচারকাজ শুরু হয়নি। থানা-পুলিশ, সিআইডির হাত ঘুরে বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এদিকে বাদীপক্ষ অভিযোগ করেছে, আসামিরা তাঁদের ভয় দেখাচ্ছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষী মোজাহিদুল ইসলামকে মারধর করেন আসামি মোয়াজ্জেম হোসেন সিকদার।
২০১৬ সালের ৮ মার্চ রাতে শামসুল হককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় তাঁর বড় ভাই মঞ্জুরুল হক রঘুনাথপুর গ্রামের বাসিন্দা যুবলীগকর্মী মোয়াজ্জেম সিকদারকে ১ নম্বর আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে গতকাল উপজেলার রঘুনাথপুর গ্রামের বাড়িতে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে পরিবার।
মামলার বাদী মঞ্জুরুল হক বলেন, ‘শামসুল হক হত্যা মামলার বিচার নিয়ে আমি শঙ্কিত। প্রথমত, মামলা করার তিন বছর পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে হত্যাকাণ্ডে জড়িত মামলার ২ নম্বর আসামি সালাহউদ্দিন ও ৩ নম্বর আসামি নাসের হোসেনসহ হুকুমের আসামি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কাইউম উজ জামানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আমি ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দিই। আদালত পিবিআইকে মামলার তদন্তের দায়িত্ব দেন। বিভিন্ন সময়ে আসামিপক্ষ ভয় দেখিয়েছে। এ মামলার বিচার নিয়ে শঙ্কায় রয়েছি।’
২০১৬ সালের ৮ মার্চ রাতে শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে শামসুল হককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। প্রথমে মামলাটির তদন্ত করেন নাজিরপুর থানার তৎকালীন এসআই এনায়েত হোসেন। ওই বছরের মে মাসে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তিন বছর পর আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। এতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারাজি আবেদন জানায় বাদীপক্ষ। বিচারক বাদীর আবেদন খারিজ করে দেন। তখন বাদী জেলা ও দায়রা জজ আদালতে আপিল করলে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আহসান কবির বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে একরাম সিকদার নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।