শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলার মানচিত্র

যশোরের শার্শা উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিহাব হাসান (১০) ও আহসান হাবিব (১০) নামের দুই শিশু আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার পাঁচ কায়বা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুই শিশুর মধ্যে আহসান হাবিবের অবস্থা আশঙ্কাজনক। তাকে বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত শিহাব হাসান উপজেলার পাঁচ কায়বা গ্রামের সুমন হোসেনের ছেলে এবং আহসান হাবিব একই গ্রামের হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি আনারসবাগানে খেলার সময় একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেটে শিশুরা লাল টেপ প্যাঁচানো বলের মতো দুটি বস্তু দেখতে পায়। খেলার ছলে ওই লাল টেপ খুললে বিকট শব্দে একটির বিস্ফোরণ ঘটে। এতে আহসান হাবিব গুরুতর আহত হয়। শিহাব হাতে ও মুখে অল্প আঘাত পায়। এরপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান প্রথম আলোকে বলেন, হাতবোমাসদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। ওই হাতবোমা কোথা থেকে, কীভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য ওই হাতবোমা বাগানের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।