শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত
যশোরের শার্শা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার শ্যামলাগাছি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মহিম উদ্দীন (৩৫) ও আশরাফুল ইসলাম (৪২)। মহিম উদ্দীন বেনাপোল বন্দর থানার ধান্যখোলা গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি একজন মুদি ব্যবসায়ী। আশরাফুল ইসলাম একই গ্রামের রমজান আলীর ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি। তাঁরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে মহিম উদ্দীন ও আশরাফুল ইসলাম শার্শা উপজেলার নাভারণ বাজার থেকে মোটরসাইকেলে করে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন দুলাভাই আশরাফুল ইসলাম। মোটরসাইকেলের পেছনের দিকে বসা ছিলেন তাঁর শ্যালক মহিম উদ্দীন। রাত আটটার দিকে মোটরসাইকেলটি উপজেলার শ্যামলাগাছি এলাকায় পৌঁছালে শার্শার দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহিম উদ্দীন ও আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিম ও আশরাফুল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।