শালবনে নানা সময় আগুন ধরায় ‘দুষ্কৃতকারীরা’, কারণ জানে না বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেল থেকে লাগা আগুন রাত পৌনে ১০টা পর্যন্ত জ্বলছিল। স্থানীয় লোকজনের ধারণা, কোনো উপলক্ষ উদ্‌যাপন করতে গিয়ে আগুন লাগায় দুর্বৃত্তরা। গতকাল রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরের পশ্চিম নয়নপুর এলাকার শালবনে
ছবি: মাসুদ রানা

গাজীপুরে ভাওয়াল গড়ের শালবনে নানা সময় লাগা আগুনের জন্য ‘মাদকসেবী’ ও ‘দুষ্কৃতকারীদের’ দায়ী করেছেন রাজেন্দ্রপুর বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা। তবে তারা কেন এমনটা করে, তার কারণ তিনি জানেন না বলে জানালেন। তবে স্থানীয় লোকজন ও পরিবেশবাদীরা মনে করেন, বন দখলের জন্য আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব অগ্নিকাণ্ডের ঘটনার পর দোষীদের শনাক্ত করতে এবং তাদের শাস্তি নিশ্চিতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না। ফলে এ ধরনের ঘটনা বারবার ঘটে।

স্থানীয় লোকজনের ভাষ্য, গাজীপুরের রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে নয়নপুর এলাকার বনে গতকাল সোমবার রাত আটটার দিকে আগুন লাগে। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুন নেভানোর ব্যাপারে বন বিভাগের কোনো তৎপরতা চোখে পড়েনি।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের ভবানীপুর থেকে রাজাবাড়ীর পথে বিকল্প সড়ক ধরে যেতে যেতে দুই পাশে বনে বেশ খানিকটা গজারি বন পোড়া অবস্থায় আছে। আবার গাজীপুর সদর উপজেলার সিঙ্গাইর গ্রামের দিকেও বন পোড়া অবস্থায় দেখা গেছে। আগুনে পুড়ে আছে রাজেন্দ্র ইকো রিসোর্টের পাশের বনাঞ্চলও। একই ধরনের আগুনের ঘটনা চোখে পড়ে ভাওয়াল জাতীয় উদ্যানের দক্ষিণ দিকের সীমানা লাগোয়া বনের ভেতরে। আগুন লাগার পরপর ওই এলাকা থেকে শত শত পাখি, বানরসহ নানা প্রজাতির প্রাণী দ্রুত সরে যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

রাজেন্দ্র ইকো রিসোর্টের ব্যবস্থাপক মো. শিমুল প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে তাঁদের রিসোর্ট লাগোয়া গজারি বনে আগুন জ্বলতে থাকে। বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হলেও তাঁরা আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেননি। আগুনে বনের শুকনো গাছ ও পাতা পুড়ে গিয়ে নিজে থেকেই সাধারণত নিভে যায়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, শালগাছের পাতা ঝরে পড়ার পর তার ভেতর থেকে বসন্তকালে যখন নতুন শাখা বের হয়, তখনই বন উজাড় করে তা দখলের জন্য রাতের আঁধারে আগুন দেয় একটি চক্র। তাদের উদ্দেশ্য, বনের গাছপালা পুড়ে বন পরিষ্কার করে তা দখলে নেওয়া।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান বলেন, কিছু অসাধু মানুষ বনের ভেতর আগুন দিয়ে প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। এতে বনের ভেতর থাকা প্রাণীদের বসতের স্থান ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগুনে বনের ভেতরে থাকা সরীসৃপ সবচেয়ে বেশি সংকটে পড়ে। কীটপতঙ্গ, বন্য প্রাণী ও পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাওয়াল বনের ইতিহাসের সঙ্গে মিশে থাকা কিছু বিচিত্র লতাগুল্ম নিশ্চিহ্ন হয়ে যায় এ ধরনের আগুনে।

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী প্রথম আলোকে বলেন, শালবনে আগুন দেওয়ার প্রধান কারণ হচ্ছে একটি চক্র শাল-গজারি গাছ পুড়িয়ে দিয়ে বনভূমি দখল করতে চায়। শালগাছ কখনো চারা থেকে হয় না। গাছের কাণ্ড ও মূল থেকেই এর জন্ম। আগুনের কারণে নতুন করে শালগাছ জন্মাতে পারে না।

রাজেন্দ্রপুর বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা প্রথম আলোকে বলেন, এই বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বেশির ভাগ আগুন মাদকসেবী ও দুষ্কৃতকারীরা লাগিয়ে দিচ্ছে। কেন, কী কারণে দিচ্ছে, তার সঠিক কোনো কারণ নেই। বনের অনেক প্রাণীই মারা যাচ্ছে। তবে এর কোনো সঠিক হিসাব নেই। জনবলের অভাব থাকায় ইচ্ছা থাকলেও আগুন নেভাতে পারে না বন বিভাগ।