শাল্লায় সাম্প্রদায়িক হামলার এক বছর: দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। বৃহস্পতিবার সকালে নোয়াগাঁও গ্রামে
প্রথম আলো

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার এক বছর পূর্তি হলো আজ বৃহস্পতিবার। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াগাঁও গ্রাম ও শাল্লা উপজেলা সদরে আজ পৃথক দুটি মানববন্ধন হয়েছে।

সকাল ১০টায় নোয়াগাঁও গ্রামের মানুষ প্রথম মানববন্ধনটি করেন। এতে গ্রামের নারী-পুরুষেরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় বক্তব্য দেন গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা জগৎ চন্দ্র দাস ও বীর মুক্তিযোদ্ধা পুতুল চন্দ্র দাস, গ্রামের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা অভিনাস দাস, মঙ্গলা রানী চৌধুরী, সুধা রানী দাস প্রমুখ।

দুপুর সাড়ে ১২টায় একই দাবিতে শাল্লা সদরে শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম ও নোয়াগাঁও গ্রামবাসী মিলে অপর মানববন্ধনটি করে। মানববন্ধনের আগে র‍্যালি করে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে সদরের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শাল্লার প্রবীণ রাজনীতিক ও বাহাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রামানন্দ দাস, শাল্লা ইউপির চেয়ারম্যান মো. সাত্তার মিয়া, হবিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, শাল্লা সোচ্চার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অর্জুন কুমার চক্রবর্তী, আইনজীবী সুব্রত দাস, দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক প্রাণকান্ত দাস প্রমুখ।

গত বছরের ১৭ মার্চ ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে শাল্লার নোয়াগাঁওয়ে ওই হামলার ঘটনা ঘটেছিল।

এসব মানববন্ধনে বক্তারা বলেছেন, শাল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। যুগ যুগ ধরে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করছেন। এটি এলাকার ঐতিহ্য। সম্প্রীতির এই ঐতিহ্য বিনষ্ট করতেই গত বছরের ১৭ মার্চ একটি মহলের উসকানিতে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ নোয়াগাঁও গ্রামে ন্যক্কারজনক এ হামলা চালান। গ্রামের মানুষদের সেদিনের সেই ভয়াল স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে। তাঁদের মনের ক্ষত এখনো রয়ে গেছে। এই ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হলেই তাঁরা শান্তি পাবেন।

শাল্লায় সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। বৃহস্পতিবার দুপুরে শাল্লা উপজেলা সদরে
প্রথম আলো

মানববন্ধন থেকে হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ এবং ঝুমন দাশকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়।

গত বছরের ১৭ মার্চ ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে শাল্লার নোয়াগাঁওয়ে ওই হামলার ঘটনা ঘটেছিল। এর দুই দিন আগে ১৫ মার্চ পার্শ্ববর্তী সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে আয়োজিত এক সমাবেশে হেফাজতে ইসলামের তৎকালীন কেন্দ্রীয় নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক বক্তব্য দিয়ে যান। পরে মামুনুল হককে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নোয়াগাঁওয়ের পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ১৬ মার্চ রাতে ঝুমন দাশকে আটক করে পুলিশ। ১৭ মার্চ সকালে শাল্লা উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চণ্ডীপুর গ্রামের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামের পাশের ধারাইন নদের তীরে গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে দিয়ে মানুষের বাড়িঘর ও মন্দিরে হামলা চালান। হামলায় গ্রামের ৮৮টি বাড়িঘর, কয়েকটি পারিবারিক মন্দির ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা উপস্থিত থাকলেও হামলা ঠেকানো যায়নি।