শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় ক্লাস-পরীক্ষা বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ এনে গতকাল বুধবার কুমিল্লা মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। তারা কলেজ করিডরে অবস্থান ধর্মঘট করে। একই সঙ্গে অধ্যক্ষের পদত্যাগও দাবি করেছে তারা। আজ বৃহস্পতিবারও একই দাবিতে ওই আন্দোলন চলবে। 
কলেজের অন্তত ১০ জন শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জানান, গত ২৮ অক্টোবর ছাত্রলীগের তিন কর্মী জয় জগন্নাথ অনুপ, মীর তানভীর আহমেদ ও তানভীর আহমেদ রাফসান কলেজের শাহ আলম বীর উত্তম ছাত্রাবাসে একই দলের প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ২৯ অক্টোবর দুপুরে একাডেমিক কাউন্সিলে জরুরি বৈঠক করে তিন কর্মীকে ছয় মাসের জন্য বহিষ্কার করে। ৫ নভেম্বর ছাত্রলীগ ৬১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করে। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগদান করার জন্য চাপ দেন। অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ এ খবর জানতে পেরে গত মঙ্গলবার দুপুরে প্রথম বর্ষের কয়েকজন ছাত্রলীগ কর্মীকে শ্রেণিকক্ষে ডেকে শাসন করেন। এসব ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকাল নয়টা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেন।
কলেজের উপাধ্যক্ষ কে এ মান্নান বলেন, বুধবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত চতুর্থ বর্ষের ফার্মাকোলজি ও পঞ্চম বর্ষের সার্জারি বিভাগের ক্লাস হয়েছে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেন। এ কারণে প্রথমবর্ষ (পুরাতন), চতুর্থ ও পঞ্চম বর্ষের টার্ম পরীক্ষা হয়নি।
কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি, ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও আন্দোলনের মুখপাত্র আবেদ আব্বাস বলেন, ‘অধ্যক্ষ কয়েক মাস ধরেই কলেজের শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন করে আসছেন। এ ঘটনার প্রতিবাদে আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি। এর সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বহিষ্কারের কোনো বিষয় জড়িত নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘শৃঙ্খলাবিরোধী কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় ওই আন্দোলন হচ্ছে। এত দিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে গোপনে শিক্ষার্থীরা কাজ করত। এখন প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে।’