শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে স্ত্রীর ওপর স্বামীর নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার ওই গৃহবধূকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূর মা বলেন, ২০০৬ সালে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মেহেদি হাসানের সঙ্গে তাঁর মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। তবে পোশাক কারখানায় চাকরির সূত্রে স্বামীর সঙ্গে তাঁর মেয়েও গাজীপুরে থাকতেন। তাঁদের দুটি কন্যাসন্তানও আছে।
ওই নারী আরও বলেন, বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে মেহেদি তাঁর মেয়েকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সম্প্রতি তাঁরা সাভার থেকে শাহজাদপুরে আসেন। ১৩ ডিসেম্বর মেহেদি তাঁর মেয়ের চুল ও ভ্রু কেটে দেন। এরপর মারধর করতে থাকেন। বিষয়টি ১৮ ডিসেম্বর জানাজানি হয়। পরে অসুস্থ মেয়েকে রোববার সকালে শাহজাদপুর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রোগী একটু সুস্থ হলে এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মেহেদীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত নই। তবে আপনাদের কাছে শুনে জানার চেষ্টা করছি।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, নির্যাতনের বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।