শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি চলন্ত ট্রাক থেমে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেওয়ার ঘটনায় এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাড়কোলা কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম পাশা খান (৪৫)। তিনি বগুড়ার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মোজাম্মেল হক খানের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন দুলাল (৬০), বাটুল (৩০), টুটুল (৩০) ও বিপ্লব (৩৫)। আহতরা সবাই ধুনট উপজেলার বাসিন্দা।
শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম জানান, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা বাঘাবাড়ীগামী বালুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পাড়কোলা বাসস্ট্যান্ডের দক্ষিণে কাঁঠালতলা এলাকায় দাঁড়িয়ে ছিল। এদিক আরেকটি ট্রাক ধুনট থেকে কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীকে নিয়ে পাবনার বেড়া হাটের উদ্দেশে যাচ্ছিল।
এ সময় ওই ট্রাক কাঁঠালতলা এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় পাশার মৃত্যু হয়। এদিকে আহত বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ওই ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।