শাহজাদপুরে পূজা উদ্‌যাপন পরিষদের সম্পাদক প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি উপজেলার বেলতৈল ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী স্বপন কুমার।

ইউনিয়নের বেতকান্দি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিযোগকারীরা। পরে এলাকাবাসী ও স্থানীয় হিন্দুসম্প্রদায়ের নেতারা রক্তাক্ত ও জখম অবস্থায় স্বপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের মধ্যে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে শ্রীশ্রী গজেন্দ্রনাথ সেবা আশ্রমে নামযজ্ঞ কীর্তন চলাকালে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অতুল গোবিন্দ সাহার ছেলে সমীর কুমার সাহার (৩৫) নেতৃত্বে অসীত সাহা (৩০), গোপাল সাহা (৩৫), লিটন কুমার সাহা (৪৫), সঞ্জয় সাহাসহ (৩৬) ৮ থেকে ১০ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে স্বপনের ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শী ও পরিষদের শাহজাদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জি, দপ্তর সম্পাদক অসীম কুমার, প্রচার সম্পাদক ভরত সাহা বলেন, পরিষদের নেতারা হামলাকারীদের বারণ করলেও তাঁরা তা উপেক্ষা করেন।

আহত স্বপনের বড় ভাই তপন কুমার বলেন, শুক্রবার ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার তা স্থগিত করা হয়। এ সম্মেলনে স্বপন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ায় ক্ষিপ্ত হয়ে বর্তমান সভাপতি ও তাঁর দলবল হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত ব্যক্তিদের বাড়ি বেতকান্দি গ্রামের সাহাপাড়ায়। শুক্রবার রাতে ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অতুল গোবিন্দ সাহার বাড়িতে গিয়ে তাঁকে ও ছেলে সমীর সাহাকে পাওয়া যায়নি। সমীরের মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ মাহমুদ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনাটি মৌখিকভাবে জেনেছেন। তবে এখন পর্যন্ত (শুক্রবার সন্ধ্যা) কোনো লিখিত অভিযোগ পাননি।