শাহজাদপুরে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে উপজেলার পরজুনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার শতাধিক নারী–পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আফাজ উদ্দিন, সবুজ হোসেন ও আলাল উদ্দিন।
বক্তারা বলেন, চলতি বছরের ১ ফেব্রুয়ারি উপজেলার পরজুনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের আনিসুর রহমান প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় ২৯ জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর হত্যা মামলার আসামিরা বিভিন্ন সময় মিথ্যা মামলা করে বাদী ও সাক্ষীদের পুলিশ দিয়ে হয়রানি করছে। পুলিশি হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন পালন করেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, বিবদমান দুটি পক্ষের অভিযোগ–মামলার শেষ নেই। এসব অভিযোগে আদালতে মামলা হলে আদালত পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। তখন পুলিশকে অভিযুক্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করতে হয়। এ ছাড়া এখানে হয়রানির কিছু নেই।