শাহজাদপুরে মিল্ক ভিটা কারখানায় আগুন
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে মিল্ক ভিটার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচতলাবিশিষ্ট মিল্ক পাউডার প্ল্যান্ট-২ ভবনের চতুর্থ তলায় এ আগুন লাগে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে জানান, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ মিল্ক ভিটা কারখানার মিল্ক পাউডার প্ল্যান্ট-২-এর চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। নৌ-ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভবনটির চতুর্থ তলার ভেন্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মিল্ক প্ল্যান্টের ডায়াযন্ত্রের ভেতর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রেজাউল করিম। তিনি আরও জানান, এই যন্ত্রসহ এর ভেতরে থাকা গুঁড়া দুধ পুড়ে গেছে।
কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অমিয় মণ্ডল আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের চতুর্থ তলা সিলগালা করা হয়েছে। ঢাকা থেকে মিল্ক ভিটার একটি দল আসছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে।