শাহজাদপুরে শেষ মুহূর্তে ভোট প্রত্যাখ্যান করলেন বিএনপির মেয়র প্রার্থী
শেষ মুহূর্তে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট প্রত্যাখ্যান করলেন বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি তাঁর বাসভবন চত্বরে এ কথা বলেন।
মাহমুদুল হাসান অভিযোগ করেন, শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে একতরফা ভোট চলছে। নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে তাঁর সমর্থকদের মারধর করা হয়েছে। তিনি বলেন, ‘এই তামাশার ভোট আমি প্রত্যাখ্যান করছি।’
অবশ্য এর আগে মাহমুদুল হাসান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, কোনো কেন্দ্রে তাঁর এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।
এই অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, সকাল সাড়ে সাতটার মধ্যে এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করার কথা। এরপরও কোনো প্রার্থীর এজেন্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কেউ এজেন্ট না পাঠালে সেটি ভিন্ন কথা।