শাহজালাল বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট সভা শুরু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট সভা শুরু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে ভার্চ্যুয়ালি ওই সভা শুরু হয়। সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সিন্ডিকেটের একাধিক সদস্য প্রথম আলোকে জানিয়েছেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছিলেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। ওই সভার ২৮ দিন পর আজ সিন্ডিকেটের সভা হচ্ছে। এদিকে ২৭ দিন পর আজ আবার উপাচার্য দাপ্তরিক কাজ শুরু করেছেন।
সিন্ডিকেটের একাধিক সদস্য জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু মনির নির্দেশনার পর বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা দূর করতে পুনরায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন প্রথম আলোকে বলেন, কবে থেকে বিশ্ববিদ্যালয় চালু করা হবে, এ সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় নেওয়া হবে। সিন্ডিকেট সভা ভার্চ্যুয়ালি হচ্ছে।
বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপনের সিদ্ধান্ত
আগামীকাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী (১ ফাল্গুন)। অন্যান্য বছরের মতো এবারও ঘটা করে দিবসটি উদ্যাপন করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন। তিনি জানান, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-২-এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০টা ১০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০টা ২০ মিনিটে বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রা এবং ১০টা ৩৫ মিনিটে গোলচত্বরে কেক কাটা হবে।