শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিবহনে দুটি নতুন বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দুটি বাস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে
ছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহনে নতুন দুটি বাস চালু করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে বাস দুটির উদ্বোধন করা হয়। এ নিয়ে শিক্ষার্থী পরিবহনে বাসের সংখ্যা দাঁড়াল ১৩টি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন যুক্ত হওয়া বাসগুলো ৫২ আসনবিশিষ্ট। বাস দুটি কিনতে ৮১ লাখ ৬৭ হাজার টাকা খরচ হয়েছে। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিরা বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

এ সময় উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, কয়েক বছর আগেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহন সুবিধা ছিল অপ্রতুল। কিন্তু প্রশাসনের সদিচ্ছা ও আপ্রাণ প্রচেষ্টায় এ সংকট দূর হয়েছে। তিনি জানান, আগামী জুলাইয়ের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও দুটি বাস কিনবে।

চালু হওয়া নতুন দুটি বাস
ছবি: প্রথম আলো

প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯ হাজার শিক্ষার্থীর মধ্যে আড়াই হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে থাকেন। এর বাইরে বাকি সাড়ে ছয় হাজার শিক্ষার্থী নগরের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে আসেন। প্রতিদিন ৭ নির্দিষ্ট সময়ে সিলেট শহর ও শহরতলির ১৪টি স্থান থেকে শিক্ষার্থীরা বাসে যাতায়াত করেন।