শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে সমাবেশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজে আজ মঙ্গলবার সমাবেশ হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুপুরে কলেজের শহীদ মিনার চত্বরে এ আয়োজন করা হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শাবিপ্রবিতে শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো আমলে না নিয়ে উল্টো পুলিশ দিয়ে তাঁদের ওপর হামলা করিয়েছে। পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা করেছে, সেটি অত্যন্ত দুঃখজনক। এটা মেনে নেওয়া যায় না। এ হামলার দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানান তাঁরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নাসিম চৌধুরী, দীপাল ভট্টাচার্য, আবু সালেহ, নাঈম আহমেদ, ইকবাল হোসেন, তাজকিরা হক প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার রাতে হলের কয়েক শ ছাত্রী আন্দোলন শুরু করেন। এর জের ধরে রোববার অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়। পাশাপাশি শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান উপাচার্য। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত না মেনে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।