শাহজালালের ভিসির পদত্যাগ চেয়ে জাহাঙ্গীরনগরে প্রতীকী অনশন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে জাবির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা। প্রতীকী অনশন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে উপাচার্য ফরিদের আপত্তিকর মন্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা।
প্রতীকী অনশনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় চাই’, ‘শাবিপ্রবি শিক্ষার্থীদের পাশে জাহাঙ্গীরনগর’, ‘শিক্ষার্থীদের নামে অজ্ঞাতনামা মামলা দেওয়ার অপকৌশল বন্ধ হোক’ ও ‘শাবিপ্রবি ভিসির পদত্যাগ চাই’।
এর আগে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে ‘জাবি, চোখ খোলো!’ শিরোনামে এক কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান হয়রানি ও নারী বিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা বিনিময় করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে বলেন, ‘শাবিপ্রবির উপাচার্য জাহাঙ্গীরনগরের ছাত্রীদের নিয়ে যে মন্তব্য করেছেন, সেটি স্পষ্ট নারী বিদ্বেষমূলক। এখনো সমাজে নারীরা হয়রানি ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডের সম্মুখীন হচ্ছেন।’
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে এখন আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এর মধ্যেই উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না।’ এ মন্তব্যের প্রতিবাদে গত বুধবার ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ পৃথক বিবৃতিতে ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
এদিকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন আজ বেলা ৩টায় ৭২ ঘণ্টা পার হয়েছে। অনশন কর্মসূচির চতুর্থ দিনে বেলা ৩টা ২০ মিনিটে এক দফা দাবি আদায় করতে কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছেন তাঁরা। গত বুধবার ২টা ৫০ মিনিট থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন শুরু হয়। আজ বেলা সোয়া ৩টা পর্যন্ত অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ছয় শিক্ষার্থী।
এই আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। গত শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়।
পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।