শাহজাহানের দৌড়ে সংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জনমত গঠনে মির্জা শাহজাহানের দৌড় অব্যাহত রয়েছে। গতকাল বুধবার তাঁর সঙ্গে সংহতি জানিয়ে টাঙ্গাইল আদালত এলাকায় দৌড়ে অংশ নেন একদল যুবক। অনেক মানুষ এই অভিনব কর্মসূচি দেখতে আসেন।

ওই ঘটনার বিচারের দাবিতে প্রতি বুধবার টাঙ্গাইল আদালত ভবনের সামনে থেকে মির্জা শাহজাহান দৌড় শুরু করছেন। অফিস-আদালত চত্বর এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার আদালত চত্বরে গিয়ে শেষ হচ্ছে তাঁর দৌড়। চলন্ত বাসে রূপাকে ধর্ষণ ও হত্যার খবর পড়ে খুব মর্মাহত হন মির্জা শাহজাহান। তখনই সিদ্ধান্ত নেন এই জঘন্য ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আদালত এলাকায় দৌড়ে জনমত সৃষ্টি করবেন। গত সেপ্টেম্বর থেকে প্রতি বুধবার তিনি এই কর্মসূচি পালন করছেন।

মির্জা শাহজাহানের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল টাঙ্গাইল আদালত এলাকায় দৌড়ে অংশ নেন একদল যুবক l ছবি: প্রথম আলো
মির্জা শাহজাহানের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল টাঙ্গাইল আদালত এলাকায় দৌড়ে অংশ নেন একদল যুবক l ছবি: প্রথম আলো

গতকাল দুপুর ১২টার দিকে আদালত এলাকায় গিয়ে দেখা যায়, মির্জা শাহজাহান দৌড় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁকে ঘিরে আছেন ১০-১৫ জন কলেজছাত্র। তাঁরা টাঙ্গাইলের বিভিন্ন কলেজে লেখাপড়া করেন। তাঁরা বলেন, পত্রিকায় মির্জা শাহজাহানের এই অভিনব প্রতিবাদের কথা জানতে পেরে তাঁর সঙ্গে সংহতি জানাতে এসেছেন।

সংহতি প্রকাশ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে মাহমুদুল হাসান কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র ফারহান ইসরাক বলে, ‘ওনার এই প্রতিবাদ খুব ভালো লেগেছে। তাই তাঁর সঙ্গে দৌড়ে সংহতি প্রকাশ করছি।’ শাহজাহানের প্রতিবাদ দেখতে আসা ব্যবসায়ী রিপন চৌধুরী বলেন, তাঁকে দেখে অনেকেই উদ্বুদ্ধ হবেন অন্যায়-অনাচারের প্রতিবাদ করতে।

মির্জা শাহজাহান স্বাস্থ্য ঠিক রাখতে ৫০ বছর বয়সে ধূমপান ছেড়ে দেন। তারপর নিয়মিত দৌড়াতে শুরু করেন। এতে ভালো ফল পান। তখন থেকেই তিনি ধূমপান ছেড়ে নিয়মিত দৌড়াতে মানুষকে উদ্বুদ্ধ করতে থাকেন। বিশেষ কোনো ইস্যু তৈরি হলে সেই বিষয়কে কেন্দ্র করে দৌড় শুরু করতেন। ৬৫ বছর বয়সেও তিনি নিয়মিত দৌড়াচ্ছেন।

মির্জা শাহজাহান বলেন, দৌড়ের মাধ্যমে জনমত গঠনের খবর দেখে অনেকেই সংহতি প্রকাশ করতে এসেছেন। এতে খুব ভালো লাগছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাছিমুল আক্তার বলেন, আগামী ৩ জানুয়ারি রূপা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। প্রথম দিন মামলার বাদী মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলামের সাক্ষ্যগ্রহণ করা হবে।