শিকল ছিঁড়ে সার্কাসের হাতির তাণ্ডব, ২৬ ঘণ্টা পর মাহুতের নিয়ন্ত্রণে
লালমনিরহাটে দ্য লায়ন সার্কাসের একটি হাতি শিকল ছিঁড়ে লোকালয়ে তাণ্ডব চালিয়েছে। শিশির বাহাদুর নামের ২৮ বছর বয়সী পুরুষ হাতিটি গতকাল সোমবার শহরের দুটি দোকান ভাঙচুর ও গাছ উপড়ে ফেলে। ২৬ ঘণ্টা পর আজ মঙ্গলবার দুপুরে হাতিটি মাহুত (হাতি দেখাশোনাকারী ব্যক্তি) মজিবর হোসেনের নিয়ন্ত্রণে আসে।
এর আগে উন্মত্ত হাতির তাণ্ডবের খবর পেয়ে রাজধানী ঢাকা থেকে হেলকপ্টারযোগে তিন সদস্যের বন্য প্রাণী বিশেষজ্ঞের একটি দল আজ সকালে লালমনিরহাটে পৌঁছায়। এই দলের নেতৃত্ব দেন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অবসরপ্রাপ্ত বন্য প্রাণী বিশেষজ্ঞ তপন কুমার দে। তাঁরা চেতনানাশক প্রয়োগ করে হাতিটিকে শান্ত করেন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্পপণ্য মেলায় দ্য লায়ন সার্কাস দল শিশির বাহাদুরকে নিয়ে আসে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উন্মত্ত হাতিটি শিকল ছিঁড়ে লোকালয়ে চলে আসে। বেলা একটা পর্যন্ত উন্মত্ত অবস্থায় শিশির বাহাদুর সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন প্রায় আধা কিলোমিটার এলাকার ১০-১৫টি গাছ উপড়ে ফেলে, দুটি দোকান ভেঙে ফেলে। বিকেলে এলাকার একটি পুকুরে নেমে পড়ে। রাতে এলাকার বাঁশঝাড়ে অবস্থান নেয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্য লায়ন সার্কাসের লোকজনের সঙ্গে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটি মঙ্গলবার দুপুরে লালমনিরহাট শহরের শেখ শফি উদ্দিন কমার্স কলেজের উত্তর-পূর্ব দিকের একটি বাঁশঝাড়ে অবস্থান করছিল। বিশেষজ্ঞ দলটি দুপুর ১২টার দিকে সেখানে পৌঁছে দূর থেকে ‘ট্রাঙ্কুলাইজার গান’ দিয়ে হাতিটিকে চেতনানাশক ওষুধ নিক্ষেপ করে। এ সময় ঘণ্টাখানেক বাঁশঝাড়ের এক স্থানে ঝিম ধরা অবস্থায় হাতিটি দাঁড়িয়ে থাকে। বেলা একটার পর দ্য লায়ন সার্কাসের হাতির মাহুত মজিবর হোসেনের নেতৃত্বে একটি দল শিশির বাহাদুরকে বাঁশঝাড়ের ভেতর গিয়ে লোহার শিকল ও রশি দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে ফেলে।
দ্য লায়ন সার্কাসের মালিক নিরঞ্জন সরকার বলেন, সোমবার সকালে শিশির বাহাদুর যৌন তাড়নায় শিকল ছিঁড়ে উন্মত্ত আচরণ শুরু করে। খবর পেয়ে সিরাজগঞ্জ থেকে স্ত্রী হাতি রানী রাশমণিকে সড়কপথে লালমনিরহাটে নিয়ে আসা হয়। তবে বন্য প্রাণী বিশেষজ্ঞ দলের পরামর্শ মেনে তাকে এখনো শিশির বাহাদুরের সামনে আনা হয়নি।
শিল্পপণ্য মেলাটির তত্ত্বাবধানে রয়েছে রংপুরের প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠানের অন্যতম মালিক শাহিন মাহমুদ বলেন, হাতিটি উন্মত্ত আচরণ শুরু করার পর বন বিভাগ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ প্রশাসনসহ সবার সহযোগিতায় মঙ্গলবার দুপুরে হাতিটি সার্কাসের মাহুতের নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, হাতি ছাড়াই সার্কাস চলবে।’
বন্য প্রাণী বিশেষজ্ঞ তপন কুমার দে বলেন, বনের বাইরে পালিত অবস্থায় দেশে বর্তমানে বন বিভাগের নিবন্ধনে ৮০ থেকে ৯০টি হাতি রয়েছে। উন্মত্ত বা মাস্তি হলে হাতি তিন থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত যৌন তাড়নায় থাকে। এ সময় যৌন সম্পর্ক হলে হাতি স্বাভাবিক হয়ে যায়। পালা অবস্থায় হাতির খাবার কম দিয়ে তাকে নিয়ন্ত্রণে রাখা যায়।