শিকল ছিঁড়ে হাতিটি আবার পানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে আসা হাতিটি শিকল ছিঁড়ে গতকাল একটি ডোবায় অবস্থান নেয়। জামালপুরের সরিষাবাড়ীতে কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রাম থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
ভারত থেকে আসা হাতিটি শিকল ছিঁড়ে গতকাল একটি ডোবায় অবস্থান নেয়। জামালপুরের সরিষাবাড়ীতে কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রাম থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

ভারত থেকে বানের পানিতে ভেসে আসার পর উদ্ধার হওয়া হাতিটি এবার শিকল ছিঁড়ে পাশের ডোবায় নেমে যায়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শিকল ছিঁড়ে হাতিটি জামালপুরের সরিষাবাড়ীর কয়ড়া গ্রামের জলাশয়ে ঝাঁপ দেয়। হাতিটিকে উদ্ধারের জন্য শুকনো স্থানে কয়েকটি ফাঁদ বসানো হয়েছে। গ্রামবাসী আছেন আতঙ্কের মধ্যে।
এর আগে হাতিটি উদ্ধার নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা তাঁর ফেসবুক পেজে বক্তব্য দেন। সেখানে তিনি হাতি উদ্ধার হওয়ায় বন বিভাগ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদকে ধন্যবাদ দেন। তিনি বলেন, হাতিটি প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে। তিনি আশা করেন, হাতিটি ভারতের মেঘালয়ের গারো পাহাড়ে ফিরে যাবে।
তবে গতকাল বেলা ১১টায় আমগাছের সঙ্গে বাঁধা হাতিটি দড়ি ও শিকল ছিঁড়ে চলে যায়। এর আগে ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা গেছে, সরিষাবাড়ীতে গত বৃহস্পতিবার বুনো হাতিটির পায়ে ও শরীরে শিকল-দড়ি দিয়ে একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর হাতিটিকে নিয়মিত খাবার সরবরাহ করে আসা হচ্ছিল।
হাতিটি ও মানুষের নিরাপত্তার জন্য শুক্রবার সকাল নয়টা থেকে পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়েছে। হাতির কাছে না যেতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে।