শিকলমুক্ত রঙিলা
মানসিক ভারসাম্যহীন শিকলে বাঁধা রংপুরের তারাগঞ্জ উপজেলার সেই রঙিলা রায়কে (৩৯) মুক্ত করা হয়েছে। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর গতকাল শনিবার তাঁকে শিকল থেকে মুক্ত করে চিকিৎসার জন্য পাবনা হাসপাতালে নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবিতে কর্মরত এক কর্নেল ব্যক্তিগত অর্থে তাঁর চিকিৎসার দায়িত্ব নেন।
তিন ভাইবোনের মধ্যে সবার ছোট রঙিলার বাড়ি উপজেলার দৌলতপুর গ্রামে। বাবা বিপেন চন্দ্র রায় মারা গেছেন। মা চৌথ বালা ছোট ছেলের সঙ্গে উপজেলা সদরে থাকেন। রঙিলা রায়ের সহায়-সম্বল বলতে কেবল দেড় শতক জমির ওপর একটি টিনের ঘর। তাঁর দুই মেয়ে। তাঁদের একজনের বিয়ে হয়েছে। তিনি চায়ের দোকানে কাজ করতেন। আড়াই বছর আগে রঙিলার চলাফেরা ও আচরণে পরিবর্তন দেখা দেয়। স্ত্রী পুষ্প রানী তাঁর চিকিৎসার জন্য কবিরাজের দ্বারস্থ হন। ক্রমেই অবনতি ঘটে রঙিলার। একপর্যায়ে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। টাকার অভাবে তাঁর চিকিৎসাও বন্ধ হয়ে যায়। পরে তাঁকে শিকলে বেঁধে রাখা হয়। গত ২২ সেপ্টেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘শিকলে বাঁধা তারাগঞ্জের রঙিলার জীবন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন পড়ে বিজিবিতে কর্মরত ওই কর্নেল তাঁর চিকিৎসার দায়িত্ব নেন।