শিকারির হাত থেকে রক্ষা পেল ৮৩টি সাদা বক
কক্সবাজারের উখিয়ায় শিকারির কাছ থেকে ৮৩টি সাদা বক উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। আজ রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনসংলগ্ন প্রাকৃতিক পরিবেশে বকগুলো অবমুক্ত করা হয়েছে।
আজ সকাল আটটায় উপজেলার কুতুপালং বিল এলাকা থেকে ৭৭টি এবং গতকাল শনিবার বিকেল পাঁচটায় থাইংখালীর বালুখালী ঢালা এলাকায় থেকে ৬টি সাদা বক উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরোয়ার আলম।
উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, আজ সকালে উখিয়ার কুতুপালং বিল থেকে শিকার করে ঝুড়িতে রাখা ৭৭টি সাদা বক উদ্ধার করা হয়। এর আগে গতকাল বিকেলে উখিয়ার বালুখালী ঢালা থেকে আরও ৬টি সাদা বক উদ্ধার করা হয়। পৃথক দুটি ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গাজী শফিউল আলম জানান, আজ সকালে ইউএনও নিজাম উদ্দীন আহমেদের উপস্থিতিতে তাঁর বাসভবনসংলগ্ন প্রাকৃতিক পরিবেশে বকগুলো অবমুক্ত করা হয়েছে।
ইউএনও বলেন, পাখিনিধন বন্ধ করতে উপজেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। কোথাও পাখি শিকার করে বেচাকেনার খবর থাকলে সরাসরি ফোন করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার কয়েকটি বিলে বকের ফাঁদ পেতে প্রতিদিন বক শিকার করছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা। এসব বক শিকার করে স্থানীয় হাটবাজারে বিক্রি করা হচ্ছে। এক জোড়া বকের দাম ২৫০ থেকে ৩০০ টাকা।
এর আগে ১০ অক্টোবর উখিয়ার বালুখালী থেকে শিকার করা ১০টি ও ৯ অক্টোবর মাসকারিয়া বিল থেকে ১১৭টি সাদা বক উদ্ধার করা হয়েছিল। পরে এসব বক ইউএনওর বাসভবনসংলগ্ন প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছিল।