শিক্ষক বাতায়নে দেশসেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা জ্যোৎস্না
শিক্ষক বাতায়নের দেশসেরা পাক্ষিক ডিজিটাল কনটেন্ট নির্মাতা হয়েছেন জ্যোৎস্না আক্তার। সম্প্রতি সরকারের শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ তাঁর ছবিসহ এ তথ্য প্রকাশ করেছে। আজ শনিবার তিনি নিজেই সখীপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জ্যোৎস্না টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২১ সালের ২৪ জানুয়ারি তাঁকে জেলা প্রাথমিক শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেয় ‘শিক্ষক বাতায়ন’।
শিক্ষক বাতায়ন সূত্রে জানা যায়, জানুয়ারির দ্বিতীয় পক্ষে সারা দেশে শিক্ষক-শিক্ষিকার মধ্যে এবার ৫ লাখ ২০ হাজার ১৯১টি কনটেন্ট শিক্ষক বাতায়নে আপলোড করা হয়েছিল। এর মধ্যে মডেল কনটেন্ট নির্বাচিত হয় ৯৫৩টি। এতে করোনাকালীন অনলাইনে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদানের স্বীকৃতি স্বরূপ জ্যোৎস্না আক্তার দেশসেরা কনটেন্ট নির্মাতা মনোনীত হয়েছেন।
জ্যোৎস্না বলেন, ২০১০ সালের ২১ সেপ্টেম্বর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে জানুয়ারি মাসে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। ২০১৫ সাল থেকে শিক্ষক বাতায়নের সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষক বাতায়নে অনলাইন ও গুগল মিটের মাধ্যমে ক্লাস নিয়েছেন ১৪৪টি। আপলোড করেছেন ৭৭টি টেক্সট কনটেন্ট, ৪৬টি ভিডিও কনটেন্ট, ৩৮টি ব্লগ ও ১৯৩টি চিত্র।
প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকের দাবি, মুক্তপাঠ থেকে তিনি এ পর্যন্ত ৫৮টি কোর্স সম্পন্ন করে সনদ পেয়েছেন। মাইক্রোসফট ইনোভেশন এডুকেটর কোর্স সম্পন্ন করে সনদ পেয়েছেন ২৫৬টি। ব্রিটিশ কাউন্সিল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন কর্মশালায় অংশ গ্রহণ করে ৭২টি সনদ অর্জন করেছেন।
জ্যোৎস্না আক্তার বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে আইসিটির ব্যবহার সরকারের একটা বড় চ্যালেঞ্জ। শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন ও মুক্তপাঠের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করার চেষ্টা চলছে। আমি এই মাধ্যমটি কাজে লাগিয়ে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে।’
সখীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফেউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জ্যোৎস্না আক্তার আমাদের সখীপুর উপজেলার প্রাথমিক শিক্ষকদের জন্য মডেল। তাঁকে শিগগির প্রাথমিক শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।’