শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে পটুয়াখালীর শিক্ষকদের মানববন্ধন
ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার বিচারসহ সব শিক্ষক লাঞ্ছনা ও নির্যাতনে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পটুয়াখালীর শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সড়কে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
‘পটুয়াখালী জেলার শিক্ষক পরিবার’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য দেন পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম, লাউকাঠি আসমত আলী খান কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান, এ কে এম কলেজের অধ্যক্ষ স্বপন কুমার খাসকেল, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা মিমি, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, দশমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাসহ দেশে শিক্ষক লাঞ্চনা ও নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষক হেনস্তা ও নির্যাতন বন্ধ করা এবং শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।