শিক্ষককে চড় মারলেন আওয়ামী লীগ নেতা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের গালে চড় মেরেছেন বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকির। উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের ফটকের সামনে আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম মাহবুবর রহমান ওরফে চঞ্চল।
মাহবুবরকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলীর স্ত্রী দেল আফরোজা আরা বানু হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবর। বিদ্যালয়ের দোকানভাড়ার টাকা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। প্রধান শিক্ষকের স্বামী আশরাফ আলী বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডলকে জানান। উপজেলা চেয়ারম্যান মাহবুবরকে তাঁর কার্যালয়ে আসতে বলেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মাহবুবর তাঁর সহকর্মী জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে বেলা একটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের ফটকের সামনে পৌঁছান। সেখানে প্রধান শিক্ষক দেল আফরোজার স্বামী আশরাফ আলী ও মাহবুবর রহমানের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আশরাফ আলী মাহবুবরের গালে দুটি চড় মারেন। এ নিয়ে সেখানে তাঁদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে মাহবুবর আহত হন। এরপর লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকির প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের দোকানঘরের ভাড়ার টাকা নিয়ে আমার স্ত্রীর সঙ্গে সহকারী শিক্ষক মাহবুবর রহমানের দ্বন্দ্ব হয়। আমার স্ত্রীকে উদ্দেশ করে শিক্ষক মাহবুবর রহমান তাঁর ফেসবুকে আজেবাজে কথা লেখেন। এ কারণে শিক্ষক মাহবুবর রহমানের গালে কষে দুটি চড় মেরেছি। আমি চড় মারার কথা ওসিকেও বলেছি। এতে জেল-জরিমানা হলেও সমস্যা নেই। শিক্ষক মাহবুবর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হওয়ার কারণে প্রধান শিক্ষককে তোয়াক্কা করেন না। শিক্ষক মাহবুবর রহমানের বিরুদ্ধে পাঁচ-ছয়টি বিভাগীয় মামলাও রয়েছে।’
মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা চেয়ারম্যান মহোদয় মুঠোফোনে কল করে আমাকে দ্রুত তাঁর কার্যালয়ে আসতে বলেন। হাটশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে বেলা একটায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের ফটকের সামনে পৌঁছাই। সেখানে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষককের স্বামী বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমার গলা ও ঘাড়ে প্রচণ্ড আঘাত লেগেছে। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি। আমি ফেসবুকে কাউকে নিয়ে কিছু লিখিনি।’
ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবর রহমানকে ডেকেছিলেন তিনি। তাঁর কক্ষে ঢোকার আগেই দুই পক্ষ মারামারি করেছে। এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।