কবি নজরুল বিশ্ববিদ্যালয়
শিক্ষককে তালাবদ্ধ করে রাখার অভিযোগ তদন্তে অনীহা
নিজের নিরাপত্তা চেয়ে প্রথমে প্রক্টরের কাছে ও পরে বিচার দাবি করে রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেন আশরাফ আলী সিদ্দিকী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ আলী সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয়ের নিজের কক্ষে তালা দিয়ে আটকে রাখার অভিযোগের তদন্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনীহার অভিযোগ উঠেছে। তালাবদ্ধ করে আটকে রাখার ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে প্রথমে প্রক্টরের কাছে লিখিত চিঠি দেন আশরাফ আলী সিদ্দিকী। পরে এ ঘটনার বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছেও লিখিত আবেদন করেন তিনি।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল সোমবার পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত তিন শিক্ষকের পক্ষ নিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চাইছে বলেও অভিযোগ উঠেছে। ২২ জুন আশরাফ আলী নিজেকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ এনে তিন শিক্ষকের বিচার দাবি করে রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেন বলে প্রথম আলোকে তিনি জানান। তবে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর এ ধরনের কোনো অভিযোগ পাননি বলে দাবি করেছেন।
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ আলী সিদ্দিকী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ১৩ জুন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. নকিবুল হাসান খান, মো. রাকিবুল হাসান ও আলিম মিয়া তাঁকে তালাবদ্ধ করে প্রায় তিন ঘণ্টা আটকে রাখেন।
ওই সময় কক্ষের বাইরে থাকা সার্কিট ব্রেকার বন্ধ করে দিয়ে যান। তালাবদ্ধ ও বিদ্যুৎহীন কক্ষে প্রায় তিন ঘণ্টা আটকে রাখায় তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে মুক্তির ব্যবস্থা করলেও তিন ঘণ্টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
লিখিত অভিযোগে আশরাফ আলী সিদ্দিকী বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে এমন কাজ করেন অভিযুক্ত ওই তিন শিক্ষক। প্রায় ছয় বছর বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। মূলত এ কারণেই অভিযুক্ত ওই তিন শিক্ষক তাঁর সঙ্গে ক্ষুব্ধ আচরণ করেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের পরামর্শে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তনের বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়। ১৩ জুন এ বিষয়ে বিভাগে একাডেমিক সভা ছিল।
সভায় নাম পরিবর্তন করা যায় কি না, এ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি শিক্ষার্থীদের কাছে নেতিবাচকভাবে প্রচার করেন অভিযুক্ত তিন শিক্ষক। তাঁরা শিক্ষার্থীদের কাছে প্রচার করেন যে বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগটি বিলুপ্ত করে দিচ্ছেন আশরাফ আলী সিদ্দিকী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর গতকাল দুপুরে বলেন, ‘আশরাফ আলী সিদ্দিকী মুঠোফোনে আমাকে বলেছিলেন, তিনি তিনজন শিক্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে লিখিত আবেদন করবেন।’ তবে তিনি এ ধরনের অভিযোগ পাননি।
তালাবদ্ধ করে রাখার পরদিন আশরাফ আলী সিদ্দিকী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছেও একটি আবেদন করেন। গতকাল দুপুরে প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘আশরাফ আলী সিদ্দিকী একই ঘটনায় ২২ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি আবেদন করেছেন। কাজেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনার অপেক্ষায় আছি।’
তালাবদ্ধ করে রাখার অভিযুক্ত তিন শিক্ষকের মুঠোফোনে ফোন করা হলে তাঁরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নন।