শিক্ষককে মারধর: তিন দিন পর ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলার মানচিত্র

শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বি এম সোহেলকে মারধরের ঘটনায় অবশেষে তিন দিন পর মামলা নিয়েছে পুলিশ। ঘটনার দিন গত বুধবার গভীর রাতে ওই কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের দেওয়া এজাহার আজ শনিবার ভোরে মামলা হিসেবে নথিভুক্ত করে সদরের পালং মডেল থানার পুলিশ। এতে আসামি করা হয়েছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারী ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দারকে।

এদিকে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে আজও শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেছেন। এ ঘটনার বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

কলেজের একটি খাবারের আয়োজনে ছাত্রলীগ নেতাদের দাওয়াত না দেওয়ায় বাংলা বিভাগের প্রভাষক বি এম সোহেলকে ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারী বুধবার বিকেলে মারধর করেন। এরপর ওই দিন গভীর রাতে কলেজের অধ্যক্ষ পালং মডেল থানায় এজাহার জমা দিলেও গতকাল রাত পর্যন্ত মামলা তালিকাভুক্ত করা হয়নি। এ বিষয়ে গতকাল প্রথম আলোর ছাপা সংস্করণে ‘ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

বি এম সোহেল প্রথম আলোকে বলেন, ‘আমরা কত অসহায়! থানায় এজাহার দেওয়ার পরও পুলিশ মামলা নিতে চায় না। নানাভাবে হয়রানির চেষ্টা করে। এখন একটাই দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হোক।’

কলেজটির অধ্যক্ষ হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরপরই শিক্ষক পরিষদের জরুরি সভা করে তিন সদস্যর কমিটি গঠন করা হয়। এরপর কমিটির সবার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার গভীর রাতে থানায় মামলার এজাহার দিই। কিন্তু থানা থেকে মামলা নিতে গড়িমসি করা হয়। অবশেষে আজ ভোর মামলাটি নথিভুক্ত করা হয়েছে।’

আরও পড়ুন

মামলার বিবরণ সূত্রে ও কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও একটি সরকারি কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। মৌখিক পরীক্ষা শেষে কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তাঁদের দুপুরের খাবারের আয়োজন করা হয়। ওই আয়োজনে ছাত্রলীগের নেতাদের দাওয়াত দেওয়া হয়নি। এ কারণে ক্ষিপ্ত হয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারী ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার কয়েকজন ছাত্রলীগ কর্মীকে নিয়ে ওই দিন বিকেলে বাংলা বিভাগে যান এবং প্রভাষক বি এম সোহেলকে এ বিষয়ে জবাবদিহি করতে বলেন। তিনি তখন একটি অনলাইন প্রশিক্ষণে ব্যস্ত থাকায় তাঁদের বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলতে বলেন। এরপর সোহাগ ব্যাপারী ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।