শিক্ষকদের ‘অযৌক্তিক’ বদলির প্রতিবাদে রাজশাহীতে সড়কে শিক্ষার্থীরা
শিক্ষকদের বদলিকে অযৌক্তিক দাবি করে তা স্থগিত করতে রাজশাহীতে সড়কে নেমেছে শিক্ষার্থীরা। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমার শিক্ষকের চোখে পানি কেন?’, ‘শিক্ষা নিয়ে রাজনীতি মানি না, মানব না’, ‘আমাদের শিক্ষক আমাদেরই থাকবে’। আজ রোববার নগরের সাহেব বাজার এলাকায় বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকেরা জানায়, রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক নার্গীস আখতার বানু পক্ষাঘাতগ্রস্ত। তাঁকে ঢাকার একটি স্কুলে বদলি করা হয়েছে। রাজশাহীর শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোস্তফা কামালকে পাঠানো হয়েছে বান্দরবানের লামা সরকারি উচ্চবিদ্যালয়ে।
রাজশাহী শহরের ছয়টি সরকারি স্কুলের অন্তত ২৭ জন জ্যেষ্ঠ শিক্ষককে বদলি করা হয়েছে। বান্দরবান, ভোলা, নোয়াখালী, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় তাঁদের বদলি করা হয়। বেশির ভাগই বান্দরবানে বদলি হয়েছেন। বদলি নিয়ে শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।
শিক্ষকেরা জানিয়েছেন, যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের প্রত্যেকের বয়স ৫৫ বছরের বেশি। কারও কারও মাত্র এক থেকে দুই বছর চাকরির বয়স আছে। এ বয়সে রাজশাহী অঞ্চলের কোনো স্কুলে বদলি করা হলে তাঁরা মেনে নিতেন। কিন্তু তাঁদের পাঠানো হয়েছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে। এমন বদলি মেনে নিতে না পেরে রাজশাহীর সরকারি ল্যাবরেটরি স্কুলের একজন শিক্ষক স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছিলেন। অনেক বুঝিয়ে তাঁকে থামানো হয়েছে।
৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ এক আদেশে সারা দেশের ২৬১ জন শিক্ষককে বদলি করেন। এ আদেশে রাজশাহী মহানগরের ছয় স্কুলের ১৭ জন শিক্ষক রয়েছেন। তাঁদের দূর-দূরান্তে বদলি করা হয়েছে। একই দিন মাউশির রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী মহানগরের আরও ১০ শিক্ষককে বদলি করেন। মাউশির এক চিঠির পরিপ্রেক্ষিতে তাঁদের বদলি করা হয়। বদলি করা শিক্ষকদের ১২ মার্চের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়। ১১ মার্চ শিক্ষকেরা স্কুল থেকে ছাড়পত্র নিতে শুরু করলে শিক্ষার্থীরা বদলির বিষয়টি জানতে পারে। এর পরের দিন গতকাল শনিবার রাজশাহী মহানগরের সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করে। আজও নগরের সাহেব বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শহরের দুটি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হয়। নাম প্রকাশ করে তাঁরা কোনো বক্তব্য দিতে চাননি। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন প্রধান শিক্ষক বলেন, ‘আমার চাকরিজীবনে এ ধরনের কোনো বদলি আমি দেখিনি। রাজশাহী অঞ্চলের শিক্ষকেরা এ অঞ্চলেই থাকবেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাঠিয়ে লাভ কী? ওই এলাকায় তো সেখানকার শিক্ষক রাখা যায়।’
তিনি আরও বলেন, সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক। কিন্তু অনেক শিক্ষকের চাকরি আর দু-এক বছর আছে। এ বয়সে এত দূরে বদলি করা অযৌক্তিক। এতে শিক্ষকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এর প্রভাব পাঠদানে পড়বে বলে মনে করেন তিনি। ওই শিক্ষকের দাবি, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়ন করতে পুরোনোদের বদলি করা হচ্ছে।