শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন।  ছবি: প্রথম আলো
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন। ছবি: প্রথম আলো

শিক্ষার্থী অনুপাতে শিক্ষক ও শ্রেণিকক্ষ নেই। নেই প্রয়োজনীয়সংখ্যক শ্রেণিকক্ষ ও ছাত্রীনিবাস। শিক্ষার্থীদের চলাচলের জন্য বাস দরকার পাঁচটি, আছে একটি। নেই খেলার মাঠ ও মিলনায়তন। নানামুখী সংকটের কারণে পাঠদান ও পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ করুণ চিত্র বগুড়ার সবচেয়ে বড় নারীশিক্ষার প্রতিষ্ঠান সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের।

 কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সাত হাজারের বেশি। উচ্চমাধ্যমিক শ্রেণি ছাড়াও আটটি বিষয়ে স্নাতক (সম্মান) এবং সাতটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে এখানে। শিক্ষকের পদ রয়েছে মাত্র ৫৭টি। এর মধ্যে অধ্যক্ষসহ ১১টি পদ শূন্য রয়েছে। সমাজবিজ্ঞান বিভাগে দুটি পদেই কোনো শিক্ষক নেই।

কলেজের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, নারীশিক্ষার প্রসারে ১৯৬৩ সালে বগুড়ার মুজিবুর রহমান মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ক্যাম্পাসের পাশে ৩ দশমিক ৭৫ একরে স্থাপিত এ কলেজ ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি জাতীয়করণ করা হয়। প্রথমে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান চালু ছিল, পরে স্নাতক (পাস) কোর্স চালু হয়। ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন এবং প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। বর্তমানে প্রাণিবিদ্যা ছাড়া অন্য সাতটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এখানে দুটি তিনতলা এবং একটি চারতলা ভবন রয়েছে। এসব ভবনে ২১টি শ্রেণিকক্ষ, ১টি কার্যালয়, ১টি ল্যাবরেটরি ও ১টি বিজ্ঞানাগার রয়েছে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে প্রতিবছর ১ হাজার ৩৭৫ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়। সেই হিসাবে উচ্চমাধ্যমিকে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে প্রায় ২ হাজার ৭৫০ জন। অন্যদিকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।

কলেজ প্রশাসন বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর স্তরের আট বিষয়ে ১২ জন করে মোট ৯৬ জন শিক্ষক থাকার কথা। উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস কোর্স চালু আছে এমন প্রতিটি বিষয়ে চারজন করে শিক্ষক থাকার কথা। সব মিলিয়ে সুষ্ঠু পাঠদানের জন্য কলেজে প্রায় দেড় শ শিক্ষকের পদ সৃষ্টি করা প্রয়োজন।

কলেজ প্রশাসনে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলা বিভাগে শিক্ষকের ১২টি পদ থাকলেও সহকারী অধ্যাপকের পদ শূন্য রয়েছে। একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে গণিত, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও উদ্ভিদবিদ্যা বিভাগ। গণিত, উদ্ভিদবিদ্যা ও হিসাববিজ্ঞান বিভাগে দুটি করে পদ থাকলেও প্রভাষকের একটি করে পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ব্যবস্থাপনা, ব্যাংকিং ও ফাইন্যান্স বিভাগে দুটি পদের মধ্যে সহকারী অধ্যাপকের একটি করে পদ শূন্য রয়েছে। প্রায় আট বছর ধরে শূন্য রয়েছে উদ্ভিদবিদ্যা বিভাগে প্রদর্শকের পদটিও। এ ছাড়া সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক এবং প্রভাষকের একটি পদ থাকলেও এ পদে কোনো শিক্ষক নেই।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহবুবা আকতার বলেন, প্রদর্শকের পদ শূন্য থাকায় ব্যবহারিক ক্লাস ঠিকমতো হয় না।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাবেয়া আকতার বলেন, শিক্ষক না থাকায় ঠিকমতো ক্লাস হয় না।

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ময়জান নেছা ভান্ডারী হল, বেগম জাহানারা হল ও বেগম রোকেয়া হল নামের তিনটি ছাত্রীনিবাস রয়েছে। এই ছাত্রীনিবাসগুলোতে ৩৫০ সিটে প্রায় ৫০০ ছাত্রী গাদাগাদি করে থাকছেন।

নাম প্রকাশ না করার শর্তে ইতিহাস বিভাগের একজন ছাত্রী বলেন, উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গাইবান্ধা থেকে এসে তিনি এই কলেজে সম্মান শ্রেণিতে ভর্তি হন। উঠেছিলেন কলেজের ময়জান নেছা ভান্ডারী হলে। এখানে ওঠার পর উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নে ছেদ পড়ে তাঁর। প্রথমে সিট বরাদ্দ পান ‘গণরুমে’(ডাইনিং রুম)। গণরুমে ১৭টি বিছানায় ৩৪ জনকে গাদাগাদি করে থাকতে হয়। নেই পড়ার টেবিল, বসার চেয়ার। বিছানাতেই ঘুম, বিছানাতেই পড়া। সারা দিন হইহুল্লোড়, চেঁচামেচিতে পড়াশোনার ন্যূনতম পরিবেশ নেই। পর্যাপ্তসংখ্যক বৈদ্যুতিক পাখাও নেই। গরমের দিনে হাঁসফাঁস অবস্থা। রাতে গরমে ঘুম হয় না। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে।

ওই ছাত্রী আরও বলেন, বছরখানেক পর ‘গণরুম’ নামে বন্দিশালা থেকে মুক্তি মিললেও আসন বরাদ্দের পর দুর্ভোগ দূর হয়নি। ছোট ছোট কক্ষ। প্রতিটি কক্ষে গাদাগাদি করে থাকতে হয়। কক্ষে বৈদ্যুতিক পাখা রয়েছে মাত্র একটি করে। ছাত্রীনিবাসে তত্ত্বাবধায়কের থাকার ব্যবস্থা নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, বেগম ময়জান নেছা ভান্ডারী ও বেগম জাহানারা আবাসিক হল দুটি জরাজীর্ণ। বেশ কিছু কক্ষের দরজা-জানালাও ভাঙা।

বাংলা বিভাগের ছাত্রী শামান্তা নাসরীন বলেন, ছাত্রীনিবাসে আসন পেয়ে মেসে উঠেছেন। একটিমাত্র বাসে প্রতিদিন বাদুরের মতো ঝুলে কলেজে যাতায়াত করেন। কলেজে খেলার মাঠ নেই। মিলনায়তন নেই। অত্যাধুনিক গ্রন্থাগার নেই। শ্রেণিকক্ষের সংকট প্রকট।

এসব বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন বলেন, কলেজে শিক্ষক-শ্রেণিকক্ষসহ নানা সংকট রয়েছে। আরও শিক্ষকের পদ সৃষ্টি করতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন পাঠানো হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি।