শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর ওই শিক্ষককে এলাকার নারীরা জুতাপেটা করেছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

যে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে, তিনি কোটালীপাড়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত পড়ান। তিনি তাঁর বাড়িতে কয়েকজন ছাত্রীকেও প্রাইভেট পড়ান। ঘটনার দিন পড়া শেষে সব ছাত্রীকে ছুটি দিয়ে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি ওই ছাত্রী তার মাকে গিয়ে জানায়। এ সময় ওই ছাত্রীর মা এলাকার নারীদের সঙ্গে নিয়ে শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁকে জুতাপেটা করেন। এ সময় ওই এলাকায় অনেক লোক জড়ো হন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলে, ওই শিক্ষক প্রতিদিন সবাইকে ছুটি দিয়ে তার শরীরে হাত দিতেন। রোববার ধর্ষণের চেষ্টা করেন। এ সময় দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি ওই ছাত্রী তার মাকে জানায়। ওই ছাত্রীর মা শিক্ষকের উপযুক্ত শাস্তি চান। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না করতে পারেন, সে জন্য এ ঘটনায় মামলা করার পরিকল্পনার কথাও জানান মেয়েটির মা।

এ বিষয়ে ওই শিক্ষকের মুঠোফোনে নম্বরে একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া যায়। ঘটনা সত্য হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।