শিক্ষক-সংকট, পাঠদান চলছে দপ্তরি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়টিতে শিক্ষক থাকার কথা সাতজন। কাগজে-কলমে তিনজন কর্মরত থাকলেও, বাস্তবে আছেন একজন। তিনিও আছেন পাশের একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষার দায়িত্বে। এ কারণে গত দুই দিন বিদ্যালয়টি চলে ওই বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী দিয়ে।

এমন চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭৭ নম্বর চর ওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়টিতে পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে।

গতকাল রোববার ট্রলারে করে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে পৌনে এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে চর ওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় শ্রেণিতে পাঠদান করাচ্ছেন এক ব্যক্তি। পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তাঁর নাম মো. হেমায়েত উদ্দিন (২৮)। তিনি ওই বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীর দায়িত্বে আছেন। চতুর্থ শ্রেণিতে কোনো শিক্ষক নেই। ওই শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে কেউ লিখছে, আবার কেউ কেউ সহপাঠীর সঙ্গে খেলা করছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা গেছে মডেল টেস্ট পরীক্ষা দিতে।

শিক্ষক সম্পর্কে জানতে চাইলে হেমায়েত উদ্দিন বলেন, ‘স্যারে (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) ফাইভের (পঞ্চম শ্রেণি) পোলাপাইন লইয়া পরীক্ষা দেওয়াইতে গ্যাছেন।’ গত শনিবারও তিনিই শিক্ষকের দায়িত্ব পালন করেছেন বলে শিক্ষার্থীরা জানায়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আগে পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত শনিবার ওই পরীক্ষা শুরু হয়েছে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র হলো মডেল-চরকচুয়া-মিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। চর ওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একমাত্র শিক্ষক সেখানে ৩১ জন শিক্ষার্থী নিয়ে গেছেন এবং তিনি পরীক্ষার দায়িত্বেও আছেন।

অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ছাত্রসংখ্যা ৩০৩। শিক্ষক থাকার কথা সাতজন। মার্চ মাস পর্যন্ত ওই বিদ্যালয়ে শিক্ষক ছিলেন চারজন। এর মধ্য থেকে একজনকে মার্চ মাসের শেষের দিকে বদলি নীতিমালা উপেক্ষা করে বদলি করা হয়েছে। বাকি তিনজনের মধ্যে আল মামুন পাশের চরব্যারেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে আছেন। জোবায়দা খাতুন। তিনি ২০১২ সালের এপ্রিলে যোগদান করলেও, অদৃশ্য কারণে বিদ্যালয়ে পাঠদান না করিয়েই নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। অপর সহকারী শিক্ষক হলেন মো. মানিক হোসেন। তিনিই একমাত্র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ে পাঠদান করাচ্ছেন।

অভিযোগ রয়েছে, চিকিৎসা ছুটির নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে বছরের পর বছর বিদ্যালয়ে না গিয়ে বেতন-ভাতা তুলছেন শিক্ষক জোবায়দা খাতুন।

শিক্ষক মো. মানিক হোসেন বলেন, ‘শিক্ষক-সংকটের কারণে ছুটি নিতে পারছি না। বুঝতেই পারছেন সাতজনের কাজ একজনের পক্ষে করা অসম্ভব। তবু চালিয়ে যাচ্ছি।’ একজন শিক্ষক অনুপস্থিত থেকে কীভাবে বেতন পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঝেমধ্যে এসে স্বাক্ষর দিয়ে যান। সর্বশেষ কবে এসেছিলেন তা তিনি বলতে পারেননি। কীভাবে পাঠদান না করিয়ে বেতন পান এমন প্রশ্নের জবাব দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।

স্থানীয় এক অভিভাবক বলেন, ‘হুনছি এই স্কুলে এক ম্যাডাম আছে। হে ক্লাস না করাইয়াই বেতন পায়। তিন স্যারে ক্লাস করাইছিল। মোটামুটি ভালোই চলছিল। হ্যাগোতোন আবার দুই স্যারেরে বদলি কইরা লইয়া গেছে। এই রহম অইলে আমাগো পোলাপাইনেগো পড়াল্যাহা অইবে ক্যামনে?’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল হক বলেন, ‘আমি সম্প্রতি যোগদান করেছি। ওই বিদ্যালয়টিতে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। আর কীভাবে ওই শিক্ষক বিদ্যালয়ে পাঠদান না করিয়ে বেতন-ভাতা পান সে বিষয়েও তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমি বলেন, খোঁজ নিয়ে খুব শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।