শিক্ষা-সংস্কৃতির ময়মনসিংহে শিল্পায়নের তাগিদ ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে ময়মনসিংহের ব্যবসায়ী নেতাদের মতবিনিময়। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন শহীদ শাহাবুদ্দিনি মিলনায়তনে
প্রথম আলো

শিক্ষা-সংস্কৃতিতে সমৃদ্ধ ময়মনসিংহ অঞ্চল শিল্পায়নে পিছিয়ে রয়েছে। তাই শিল্পায়ন বাড়িয়ে এ অঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করার তাগিদ নিয়েছেন ময়মনসিংহের ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের শিল্পায়নে সম্ভাবনা-সংকট ও সমাধান বিষয়ে এক মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরেন তাঁরা।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সভায় সালমান এফ রহমান ময়মনসিংহের শিল্পায়নে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিনুল হক শামীম। তিনি ময়মনসিংহে অর্থনৈতিক অঞ্চলের দাবি জানান। তিনি বলেন, ২০১৮ সালে ময়মনসিংহে অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা দেয় সরকার। তবে সেটি এখনো বাস্তবায়িত হয়নি। এ ছাড়া তিনি ময়মনসিংহে বিসিক শিল্প নগরী গড়ে তোলার দাবি জানান। তিনি বলেন, ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ খনন হচ্ছে। এ খননের গতি খুব ধীর। দ্রুতগতিতে খননকাজ শেষ করার পর ব্রহ্মপুত্র নদের পাশ ঘেঁষে বিশেষ শিল্পাঞ্চল করার দাবি তাঁর।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সালমান এফ রহমান বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের গড় আয় ছিল ৫০ ডলার। ৩৮ বছর পর সেটি দাঁড়িয়েছিল ৫০০ ডলারে। আর বর্তমান সরকারের ১২ বছরে গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৪০ ডলারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান দেশে বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ুক। যে কারণে তিনিই প্রথম দেশের বেসরকারি টেলিভিশন, এয়ারলাইনস, ব্যাংক, এমনকি বিদ্যুৎ উৎপাদনকেও বেসরকারি খাতে দিয়েছেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর প্রথম যখন প্রধানমন্ত্রী বললেন ডিজিটাল বাংলাদেশ, তখন অনেকেই হাসলেন। আর এখন বাস্তবে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহের ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন শহীদ শাহাবুদ্দিনি মিলনায়তনে
প্রথম আলো

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা বলেন, একসময় মানুষ বলত বাংলাদেশে সড়ক নেই। এখন বলে সড়ক আছে, কিন্তু সেগুলোতে অবৈধ দোকানপাট। এসব দোকানপাট উচ্ছেদ করা খুব কঠিন কাজ নয়। বাংলাদেশ এখন নিজের টাকায় পদ্মা সেতু করেছে। প্রথম যখন নিজের টাকায় পদ্মা সেতুর কাজ শুরু করার কথা বলা হয়, তখন বিশ্বের অনেক মানুষ অবাক হয়েছে যে বাংলাদেশ এটি পারবে কি না ভেবে। আগামী জুনেই পদ্মা সেতু চালু হয়ে যাবে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, তিনি ইতিমধ্যেই এ বিষয়ে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। ময়মনসিংহের কাঁঠাল আর আনারসসহ কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার তৈরির আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ-১১ আসনের সাংসদ কাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৯ আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান, ময়মনসিংহ-১০ আসনের সাংসদ ফাহমি গোলন্দাজ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।