শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটনানোর চেষ্টা করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক ঘটনাগুলোয় সাম্প্রদায়িক চেহারা দেওয়ার পেছনে প্রতিষ্ঠানের কেউ সম্পৃক্ত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি ঘটনা দেখলাম, যেখানে দেখা যাচ্ছে, একটি মহল পূর্বপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানা রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে, তখন তাঁরা কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে। যেগুলোতে তাঁরা আবার একধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি, এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাম্প্রদায়িক চেহারা দেওয়ার পেছনে প্রতিষ্ঠানের কেউ সম্পৃক্ত থাকলে আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এ ধরনের ঘটনায় ভবিষ্যতে শিক্ষকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতিও মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ রয়েছে। এ জন্য এসব ঘটনায় ভবিষ্যতে শিক্ষকদের সজাগ থাকার জন্য অনুরোধ করেন তিনি।