রাজধানী ঢাকা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে সিগারেটের বিপণন লক্ষণীয়। এর মধ্যে ৫২ শতাংশ এলাকায় সিগারেটের প্যাকেট প্রদর্শন চোখে পড়ার মতো। তামাক নিয়ন্ত্রণবিষয়ক একটি সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ (জেএইচএসপিএইচ) যৌথভাবে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণবিষয়ক এ গবেষণা পরিচালনা করে। গবেষণায় অংশ নেন দেশের বিভিন্ন বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী গবেষক ও ১০ জন অভিজ্ঞ গবেষক। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এসব গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
গবেষণায় পাওয়া গেছে, এখন তামাক আইনকে পাশ কাটিয়ে তামাকের প্রচার ও প্রসারে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে তামাকের সীমান্ত বাণিজ্যের হার অনেক বেশি এবং ২৫ থেকে ৩০টি তামাকজাত দ্রব্য সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে, যা বাংলাদেশের জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য হুমকিস্বরূপ। তামাক সেবনের কারণে অসুস্থতার বিষয়টিও উঠে এসেছে সমীক্ষায়। মুখগহ্বরের ১৫টি অসুখের সব কটিই অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের বেশি হয়ে থাকে বলে তথ্য পেয়েছে গবেষক দল। শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর জরিপ পরিচালনার সময় ৭৭ শতাংশ শিক্ষার্থীই তাঁদের শিক্ষাক্রমে তামাক নিয়ন্ত্রণবিষয়ক আলাদা একটি অনুচ্ছেদ যোগ করার সুপারিশ করেছে।
দুই দিনের এই সম্মেলনের সমাপনী দিনে আজ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওমর রহমান। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম ম্যানেজার (তামাক নিয়ন্ত্রণ) আজম-ই-সাদাত, জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ইনস্টিটিউট ফর গ্লোবাল টোব্যাকো কন্ট্রোলের (আইজিটিসি) পরিচালক জোয়ানা কোহেন, সোহেল রেজা, আসাদুল ইসলাম প্রমুখ।
বিসিসিপির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন।