শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নওগাঁয় শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার দুপুরে আট দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ
ছবি: সংগৃহীত

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও আসন্ন ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ আট দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নওগাঁ জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নওগাঁ শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

তাদের অন্য দাবিগুলো হলো সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষকদের আর্থিক প্রণোদনা, শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা গ্রহণ, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন এবং ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৯৪ শতাংশ শিক্ষার্থীই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপাড়া করে। এ অবস্থায় শিক্ষকদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের সমস্যা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নানা অনিয়মের সঙ্গে জড়িত। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হলে এসব সমস্যা থাকবে না।

স্বাশিপ নওগাঁ জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবদুর রহমান রিজভী, আস্তানমোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম প্রমুখ।