শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে চাঁদপুর আওয়ামী লীগের একাংশের সংবাদ সম্মেলন
শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে চাঁদপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের একাংশ।
আজ বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউসুফ গাজী।
দীপু মনি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য। আজকের সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে মো. ইউসুফ গাজী বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জমি অধিগ্রহণে জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট। কোনো কোনো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দীপু মনি ও তাঁর পরিবারকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসন ও রাজনীতিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশকে অস্থিতিশীল করার কিংবা শেখ হাসিনা সরকারকে অপদস্থ করার ঘৃণ্য অপচেষ্টা বলে দাবি করেন তিনি।
মো. ইউসুফ গাজী বলেন, অধিগ্রহণে জমির মূল্য নির্ধারণে মালিকের কিছু করার সুযোগ নেই। কারণ, জেলা প্রশাসন থেকে দুটি প্রাক্কলন প্রস্তুত করা হয়। দীপু মনি চাঁদপুর জেলার কোথাও ক্রয়সূত্রে কোনো জমির মালিকানা নন। এমনকি দীপু মনির পরিবারের কোনো সদস্যের কোনো জমি অধিগ্রহণ এলাকায় নেই। বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে বাছাই করা দুটি স্থানের মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নের স্থানটি চূড়ান্তভাবে নির্ধারণ করে অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পরে দীপু মনির ভাই জাওয়াদুর রহিম ওয়াদুদ দলিলমূলে ক্রয়কৃত সব জমি হস্তান্তর করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অধিগ্রহণের জন্য নির্ধারিত জমি বেশি মূল্যে হস্তান্তরের ঘটনা যদি ঘটে থাকে, তবে সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে দীপু মনি মনে করেন। যদিও কোনো অর্থ বরাদ্দ বা লেনদেন এখনো হয়নি। এমনকি ক্রয়-বিক্রয় হয়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ কানাডাভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টালে যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক প্রতিহিংসাবশত। জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি এ ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্রের শামিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের মন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারকে উসকে দিয়ে তিনি সরকার ও দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এ ব্যাপারে মো. নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ নিয়ে যে দুর্নীতি-অনিয়ম হচ্ছে, তার বিষয়ে তিনি বিভিন্ন ফোরামে মতামত দিয়েছেন, দিয়ে যাবেন। তবে তিনি শিক্ষামন্ত্রী বা কারও বিরুদ্ধে কোনো কথা বলেননি। তিনিও চান সব উন্নয়ন দুর্নীতিমুক্তভাবে, জনস্বার্থে সবার মতামত নিয়ে বাস্তবায়ন করা হোক। কোনো ব্যক্তিবিশেষের সুবিধার জন্য যেন করা না হয়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন, এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মিলটন মজুমদার, উপদপ্তরবিষয়ক সম্পাদক রনজিত রায় চৌধুরী, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নূর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধাগোবিন্দ গোপ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, মো. আলী মাজী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দীন মিজি, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম খান এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতারা।