শিক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

মৌলভীবাজারে কলেজশিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট জেলার টুকেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই যুবকের নাম মাসুদ গণি মান্না (২৫)। তিনি হবিগঞ্জ জেলার সদর উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা। এর আগে গতকাল সকালে ওই তরুণী মাসুদ গণিকে আসামি করে শ্রীমঙ্গল থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাসুদ গণি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত মাসুদ গণি ওই তরুণীকে একটি রিসোর্টে নিয়ে একাধিবার ধর্ষণ করেন। এ সময় মাসুদ গণি ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। পরে মাসুদ গণি ওই ভিডিও তরুণীর স্বজনসহ বিভিন্ন মানুষের কাছে ফেসবুক মেসেঞ্জার ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে ছড়িয়ে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গতকাল ওই তরুণী মামলা করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাসুদ গণিকে গ্রেপ্তার করে। মাসুদ গণি টিকটক ভিডিও বানাতেন বলে জানা গেছে। আজ সকালে মাসুদ গণিকে মৌলভীবাজার আদালতে নেওয়া হয়েছিল। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।