শিক্ষার্থীকে হলে তুললেন প্রাধ্যক্ষ, বের করে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদার বখ্শ হল থেকে এক আবাসিক শিক্ষার্থীকে বের করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে হলের ১৫৩ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীর বিছানাপত্র বের করে দেওয়া হয়। পরে হল কর্তৃপক্ষ গিয়ে ওই শিক্ষার্থীকে আবার কক্ষে তুলে দেয়।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. মহিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের মধ্যে অন্যতম জাহিদ হাসান। তিনি সংস্কৃত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের অনুসারী।

হল সূত্রে জানা যায়, গত সপ্তাহে মো. মহিবুল্লাহ হল প্রাধ্যক্ষের মাধ্যমে ১৫৩ নম্বর কক্ষে উঠেন। তবে গতকাল দুপুরে ছাত্রলীগ কর্মী জাহিদ হাসানের নেতৃত্বে কয়েকজন গিয়ে ওই কক্ষ থেকে ওই শিক্ষার্থীর বিছানাপত্র বের করে দেন এবং তাঁকে চলে যেতে বলেন। এতে মহিবুল্লাহ বিষয়টি হল প্রাধ্যক্ষ মো. শামীম হোসেনকে জানান। পরে প্রাধ্যক্ষ সেখানে হলের আবাসিক শিক্ষক মো. সাজু সরদারকে পাঠান। তিনি বিষয়টির সমাধানে ভুক্তভোগী শিক্ষার্থী মহিবুল্লাহ, অভিযুক্ত ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান, হলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগ নেতা প্রিন্স, ছাত্রলীগ কর্মী আশিকুর রহমানকে প্রাধ্যক্ষের কক্ষে নিয়ে আলোচনা করেন।

আলোচনায় জাহিদ হাসান ওই সিট ছাড়তে রাজি হননি। একপর্যায়ে সিট বাণিজ্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘এতক্ষণ লিগ্যাল কথা হচ্ছিল। এখানে সিট বাণিজ্যের বিষয়টি এল কেন? এখন আমি ওই শিক্ষার্থীকে (মহিবুল্লাহ) হল থেকে নামিয়ে দেব। যে আসে আসুক। আপনি (আবাসিক শিক্ষক), প্রভোস্ট স্যার আর সাংবাদিক আসুক সমস্যা নেই।’ পরে গতকালই মহিবুল্লাহকে আবার ওই কক্ষে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে ফয়সাল আহমেদ বলেন, ওই সিটে ছাত্রলীগের এক কর্মীর ওঠার কথা ছিল। কিন্তু সেখানে অন্যজন উঠে গিয়েছিলেন। তাই বিষয়টি নিয়ে ঝামেলা হয়েছে। পরে হাউস টিউটর বিষয়টির সমাধান করে দিয়েছেন।

আবাসিক শিক্ষক মো. সাজু সরদার বলেন, ‘হলে ইদানীং এ রকম কিছু সমস্যা হচ্ছে। আমরা বিষয়গুলো সমাধানের চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীদের হলে থাকা নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে।’ মন্তব্য জানতে হলের প্রাধ্যক্ষ মো. শামীম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।